বিশ্বকাপের নকআউট পর্বে স্পেনের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে অবসর প্রসঙ্গেও মুখ খুলেছেন পর্তুগাল অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে ভবিষ্যৎ নিয়ে আলোচনা নয়, তার পুরো মনোযোগ এখন স্পেনের বিপক্ষে শেষ ষোলোর লড়াইয়ে।

আজ ডালাসে বাংলাদেশ সময় রাত ১টায় কোয়ার্টার ফাইনালে ওঠার লক্ষ্যে মুখোমুখি হবে পর্তুগাল ও স্পেন। জাতীয় দলের জার্সিতে এটি হবে রোনালদোর ২৩৩তম ম্যাচ।

সম্প্রতি ৪১ বছর বয়সী এই তারকা ফুটবলারকে অবসর নিয়ে বারবার প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে। ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনেও সেই প্রশ্ন উঠলে রোনালদো স্পষ্ট ভাষায় জানান, কবে বিদায় নেবেন, সেই সিদ্ধান্ত তিনিই নেবেন।

রোনালদো বলেন, “যখন আমার ইচ্ছা হবে, তখনই আমি বিদায় বলব। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আগামীকালের ম্যাচ। অবসর নিয়ে আলোচনা করে মনোযোগ নষ্ট করতে চাই না।”

তিনি আরও বলেন, “ফুটবলের প্রতি ভালোবাসাই আমাকে এত বছর ধরে মাঠে রেখেছে। আগামীকাল যা-ই ঘটুক, কোনো আক্ষেপ নিয়ে আমি বিদায় নেব না। ফুটবলকে আমি আমার সবটুকু দিয়েছি। প্রয়োজনের কারণে নয়, ভালোবাসা থেকেই খেলেছি। জাতীয় দলের হয়ে খেলতে পারা সবসময়ই আমার জন্য গর্বের।”

বিশ্বকাপের মতো বড় আসরে চাপ অনুভব না করে প্রতিটি মুহূর্ত উপভোগ করতে চান বলে জানিয়েছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই ফরোয়ার্ড।

তার ভাষায়, “আগামীকাল আমাকে জিততেই হবে—এমন চাপ আমি নিজের ওপর নিচ্ছি না। বিশ্বকাপের প্রতিটি ম্যাচ উপভোগ করা উচিত। আমার মনে হয়, এই টুর্নামেন্টে আমি খুব খারাপ খেলিনি। তিনটি গোল করেছি। অন্যরা হয়তো আরও ভালো করেছে, কিন্তু নিজের পারফরম্যান্স নিয়ে আমি সন্তুষ্ট।”

বিশ্বকাপের শুরুতে ডিআর কঙ্গোর বিপক্ষে ড্র করলেও পরবর্তীতে ধীরে ধীরে ছন্দে ফেরে পর্তুগাল। উজবেকিস্তানকে ৫-০ গোলে হারানোর পর গ্রুপ পর্বের শেষ ম্যাচে কলম্বিয়ার সঙ্গে ড্র করে তারা। এরপর শেষ ষোলো নিশ্চিত করতে ২০১৮ সালের রানার্সআপ ক্রোয়েশিয়াকে ২-১ গোলে পরাজিত করে পর্তুগিজরা।

স্পেনকে শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে স্বীকার করলেও নিজেদের সামর্থ্যের প্রতি পূর্ণ আস্থা রয়েছে রোনালদোর।

তিনি বলেন, “আমরা যদি নিজেদের ওপর বিশ্বাস না রাখতাম, তাহলে এখানে পৌঁছাতে পারতাম না। প্রতিটি ম্যাচের সঙ্গে আমরা আরও উন্নতি করছি। দল আত্মবিশ্বাসী, শান্ত এবং ভালোভাবে প্রস্তুত। সামনে কঠিন প্রতিপক্ষ, কিন্তু আমরাও প্রস্তুত।”

স্পেনের বিপক্ষে রোনালদোর সবচেয়ে স্মরণীয় পারফরম্যান্সগুলোর একটি ছিল ২০১৮ বিশ্বকাপের গ্রুপ পর্বে করা হ্যাটট্রিক। যদিও স্পেনের বিপক্ষে তার মোট গোলসংখ্যা মাত্র চারটি।

তবু এবারের ম্যাচে স্পেনকে এগিয়ে রাখলেও নিজেদের জয়ের ব্যাপারে আশাবাদী পর্তুগাল অধিনায়ক।

রোনালদো বলেন, “স্পেন সবসময় বড় টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল। তারা ইউরো ও নেশন্স লিগ জিতেছে, তাই স্বাভাবিকভাবেই এই ম্যাচে তারা ফেবারিট। তাদের অর্জনও আমাদের চেয়ে বেশি। তবে এটি সম্পূর্ণ ভিন্ন একটি প্রতিযোগিতা এবং ভিন্ন বাস্তবতা। আমার বিশ্বাস, আমরা জয় নিয়ে মাঠ ছাড়ব।”

The post স্পেনকে ফেবারিট মানলেও আত্মবিশ্বাসী পর্তুগাল অধিনায়ক appeared first on ZoomBangla.