দেশের শিক্ষার মানোন্নয়নে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কার্যকর মনিটরিংয়ের আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিটি শ্রেণিকক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপন করে পাঠদান কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণের ব্যবস্থা করতে হবে।
সোমবার জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) ২১০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, শ্রেণিকক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের পাশাপাশি একটি কেন্দ্রীয় মনিটরিং সেল গড়ে তুলতে হবে, যেখান থেকে যে কোনো শ্রেণিকক্ষের পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ করা সম্ভব হবে।
স্বাস্থ্যসম্মত টয়লেট নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী বলেন, দেশের অনেক শিক্ষা প্রতিষ্ঠানের টয়লেট এখনো অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন। ফলে শিক্ষক-শিক্ষার্থীরা সেগুলো ব্যবহারে অনাগ্রহী হয়ে পড়েন। তাই দেশের শতভাগ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত টয়লেট নিশ্চিত করতে হবে।
এ বিষয়ে কোনো ধরনের অবহেলা বরদাশত করা হবে না।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষকদের মর্যাদা বৃদ্ধি অপরিহার্য। শিক্ষা কাঠামো এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে মেধাবীরা শিক্ষকতা পেশায় আসতে আগ্রহী হন।
সময়মতো পাঠ্যবই বিতরণে চুক্তি হবে : আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবই নির্ধারিত সময়ে শিক্ষার্থীদের হাতে পৌঁছে দিতে দেশের স্বনামধন্য পেপার মিলগুলোর সঙ্গে প্রিন্টারদের আনুষ্ঠানিক চুক্তির উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। গতকাল বিকালে কাগজ মালিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা জানান।








