মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হাইল হাওরের রউয়া বিলে পরিত্যক্ত মাছ ধরার জালে আটকে একটি অজগর সাপের মৃত্যু হয়েছে। মুমূর্ষু অবস্থায় সাপটি উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে হাইল হাওরের রউয়া বিলে মাছ ধরতে গিয়ে স্থানীয় বাসিন্দা রাজা মিয়া পরিত্যক্ত একটি জালের মধ্যে অজগর সাপটিকে আটকে থাকতে দেখেন। সে সময় সাপটি মুমূর্ষু অবস্থায় ছিল।
পরে বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানানো হলে সংগঠনটির পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে সাপটিকে উদ্ধার করেন।
উদ্ধারের পর অজগরটিকে চিকিৎসার জন্য শ্রীমঙ্গল উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে ভেটেরিনারি সার্জন ডা. আনোয়ারুল ইসলাম পরীক্ষা-নিরীক্ষা শেষে সাপটিকে মৃত ঘোষণা করেন।
পরে মৃত অজগরটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।
শ্রীমঙ্গল বন রেঞ্জ কর্মকর্তা মো. নাজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মৃত অজগরটিকে মাটিচাপা দেওয়া হবে।
মাহিদুল ইসলাম/কেএইচকে/জেআইএম








