মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরে মোবাইল চুরির অভিযোগে গণপিটুনিতে শাহাদাৎ হোসেন (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরে শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নের মত্তগ্রামে ওই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে ওই এলাকায় মসজিদে তাবলিগ জামাতের মুসল্লিদের একটি মোবাইল ফোন চুরি হয়। ওই চুরির ঘটনায় জড়িত থাকার সন্দেহে স্থানীয় কিছু ব্যক্তি তাকে আটক করে। বৃহস্পতিবার ভোররাতে তাকে দড়ি দিয়ে বেঁধে গণপিটুনি দেয়। নিষ্ঠুর এ হামলায় ঘটনাস্থলেই শাহাদাতের মৃত্যু হয়। পরে তাকে মৃত অবস্থায় মসজিদের সামনে সড়কে ফেলে রাখা হয়। সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে লাশ নিয়ে সুরতহাল করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়। নিহত শাহাদাৎ একই এলাকার শামসুল হকের ছেলে। শ্রীনগর থানার ওসি মিল্টন দত্ত জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।








