গাজীপুরের শ্রীপুরে পুকুরের পানিতে ডুবে ইয়াসিন আরাফাদ আদি (১৪) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে উপজেলার চন্নাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ইয়াসিন আরাফাদ আদি স্থানীয় জামিয়া ইসলামিয়া এমদাদুল উলুম মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থী ছিল। তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহের ত্রিশালে।
স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার মাদ্রাসার পরীক্ষা শেষে আদি ও তার কয়েকজন সহপাঠী চন্নাপাড়া স্কুল মাঠে ফুটবল খেলতে যায়। খেলা শেষে তারা বিদ্যালয়ের পেছনের একটি পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে আদি ও তার আরেক সহপাঠী পানিতে তলিয়ে যায়। এ সময় স্থানীয়রা পানিতে নেমে একজনকে জীবিত উদ্ধার করলেও নিখোঁজ হয় আদি। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। মাওনা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তাদের সঙ্গে যোগ দেয় টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দলও। বিকেলে পুকুর থেকে আদির মরদেহ উদ্ধার করা হয়।
মাওনা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খাইরুল আলম বলেন, “পুকুর থেকে মৃত অবস্থায় ওই মাদ্রাসাছাত্রকে উদ্ধার করা হয়েছে।”








