দেশের জনপ্রিয় প্রকাশনা প্রতিষ্ঠান সেবা প্রকাশনীর প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন মাসুমা মায়মুর। বৃহস্পতিবার (২৩ জুলাই) প্রতিষ্ঠানটির অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।
পোস্টে মাসুমা মায়মুর লেখেন, জরুরি দৃষ্টি আকর্ষণ। জানি না সবার জন্য সুখবর কি না। আমি স্থায়ীভাবে সেবা প্রকাশনীর প্রধান হিসেবে দায়িত্ব নিচ্ছি আজ থেকে। কাজী শাহনুর হোসেন ও কাজী মায়মুর হোসেন তাদের ব্যবসার পুরোটা পরিচালনার দায়িত্ব আমার ওপর অর্পণ করেছেন।
তিনি আরও লেখেন, খুব দ্রুত সেবা প্রকাশনীর অডিট কার্যক্রম সম্পন্ন হবে। হলেই আমি ম্যানেজমেন্টকে নতুনভাবে সাজিয়ে আপনাদের কাছে আসছি। সে পর্যন্ত অপেক্ষায় থাকুন। সবাইকে ধন্যবাদ।
দায়িত্ব গ্রহণের এ ঘোষণার মাধ্যমে অডিট পরবর্তী সময়ে সেবা প্রকাশনীকে নতুন ব্যবস্থাপনায় পরিচালনার পরিকল্পনা স্পষ্ট হয়েছে।
আরও পড়ুন
অডিট শেষ না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে সেবার কার্যক্রম
এর আগে, গত ১৩ মে সেবা প্রকাশনীর সব ধরনের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে মালিকপক্ষ। প্রতিষ্ঠানটির অংশীদার কাজী শাহানুর হোসেনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভ্যন্তরীণ অনিয়ম ও আর্থিক দুর্নীতির অভিযোগের প্রেক্ষাপটে পূর্ণাঙ্গ অডিট শেষ না হওয়া পর্যন্ত সব কার্যক্রম স্থগিত থাকবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, প্রতিষ্ঠানের ভেতর বিভিন্ন আর্থিক অসঙ্গতি ও অনিয়মের তথ্য সামনে আসায় নিরপেক্ষ তদন্ত এবং পূর্ণাঙ্গ নিরীক্ষার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পরে সেবা প্রকাশনীর উপদেষ্টা মাসুমা মায়মুর গণমাধ্যমকে জানান, বাংলাবাজারসহ বিভিন্ন বিক্রয়কেন্দ্রের বই বিক্রির অর্থ নিয়মিত হিসাবভুক্ত হচ্ছিল না। অভিযোগ রয়েছে, একটি চক্র কৌশলে সেই অর্থ আত্মসাৎ করছিল। পাশাপাশি সম্প্রতি নেওয়া কয়েকটি প্রকল্পও অনিয়মের কারণে ব্যর্থ হয়। এ ঘটনায় রাজধানীর রমনা থানায় লিখিত অভিযোগও করা হয়েছে বলে তিনি জানান।
তিনি তখন আরও বলেছিলেন, অডিট ও তদন্ত শেষ হওয়ার পর প্রতিষ্ঠানটিকে নতুনভাবে পরিচালনার উদ্যোগ নেওয়া হবে। যদিও পরবর্তী সময়ে সীমিত পরিসরে সেবা প্রকাশনীর কিছু কার্যক্রম পুনরায় চালু হয়।
বাংলাদেশের প্রকাশনা জগতে সেবা প্রকাশনী একটি ঐতিহ্যবাহী নাম। প্রয়াত সাহিত্যিক কাজী আনোয়ার হোসেন প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠানটি কয়েক দশক ধরে গোয়েন্দা, রহস্য, কিশোর সাহিত্য, অনুবাদ, বিজ্ঞান কল্পকাহিনী এবং বিশ্বসাহিত্যের বই প্রকাশ করে পাঠকদের আস্থা অর্জন করেছে।
প্রতিষ্ঠানটির সবচেয়ে জনপ্রিয় প্রকাশনার মধ্যে রয়েছে মাসুদ রানা, তিন গোয়েন্দা, কুয়াশ' এবং রহস্য পত্রিকা। পাশাপাশি বিশ্বসাহিত্যের অনুবাদ, কিশোর ক্লাসিক, ভৌতিক ও ওয়েস্টার্ন সিরিজও দীর্ঘদিন ধরে পাঠকমহলে সমান জনপ্রিয়।
২০২২ সালের ১৯ জানুয়ারি কাজী আনোয়ার হোসেনের মৃত্যুর পর প্রতিষ্ঠানটির মালিকানা তার দুই ছেলে কাজী শাহানুর হোসেন ও কাজী মায়মুর হোসেনের হাতে যায়। এরপর বিভিন্ন সময়ে ব্যবস্থাপনা ও আর্থিক অনিয়মের অভিযোগ সামনে আসে।
এমডিএএ/এএমএ








