পরীক্ষা স্থগিতের দাবিতে আন্দোলনের মধ্যেই বুধবার (১৫ জুলাই) দেশের ১০টি শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তবে জলাবদ্ধতার কারণে এদিন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। এদিকে পরীক্ষা শেষে আজ দুপুরেই রাজধানীর উত্তরা থেকে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির সূচি অনুযায়ী, আজ সকাল ১০টা থেকে ৮টি সাধারণ শিক্ষা বোর্ডে পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র, হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র এবং যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের পরীক্ষা শুরু হয়েছে। একই সময়ে মাদ্রাসা শিক্ষা বোর্ডে আরবি দ্বিতীয় পত্র এবং কারিগরি শিক্ষা বোর্ডে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা-২ বিষয়ের পরীক্ষা চলছে।আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, চট্টগ্রাম ছাড়া বাকি সব বোর্ডে পরীক্ষা নেওয়ার মতো অনুকূল পরিবেশ রয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের বৈঠকেও পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এর আগে মঙ্গলবার (১৪ জুলাই) পরীক্ষা স্থগিতের দাবিতে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন একদল শিক্ষার্থী। তাদের দাবির মধ্যে রয়েছে- বন্যা ও জলাবদ্ধতা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত রাখা, গত ১৩ জুলাই প্রতিকূল আবহাওয়ার কারণে যারা অংশ নিতে পারেনি তাদের পুনরায় পরীক্ষা নেওয়া এবং শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর পদত্যাগ।সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ঘোষণায় শিক্ষার্থীরা জানান, আজ পরীক্ষা শেষে বেলা দেড়টায় উত্তরার বিএনএস সেন্টার থেকে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ শুরু হবে। ‘শিক্ষা আমাদের অধিকার, অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হোন’ স্লোগানে আয়োজিত এই কর্মসূচিতে সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকদের অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।/