আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) আইন-বিধিতে গুরুত্বপূর্ণ পরিবর্তনের উদ্যোগ নিয়েছে। জাতীয় সংসদ নির্বাচনের মতো এবার স্থানীয় সরকার নির্বাচনেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞায় সেনাবাহিনীকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংশোধন কার্যকর হলে প্রয়োজন অনুযায়ী স্থানীয় নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের আইনি ভিত্তি তৈরি হবে।
মঙ্গলবার (১৪ জুলাই) ইসির সংশ্লিষ্ট শাখা থেকে এ তথ্য জানা গেছে।
ইসি সূত্র জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের মাধ্যমে সেনাবাহিনীকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞায় যুক্ত করা হয়েছিল। নির্বাচন পরিচালনায় সেই অভিজ্ঞতা ইতিবাচক হওয়ায় একই ব্যবস্থা স্থানীয় সরকার নির্বাচনেও রাখতে চায় কমিশন।
এ বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, “জেলা পরিষদ ছাড়া বাকি চার ধরনের স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচনসংক্রান্ত আইন ও বিধিতে সেনাবাহিনীকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞায় যুক্ত করার প্রস্তাব রাখা হয়েছে।”
তিনি আরো বলেন, “সংজ্ঞায় অন্তর্ভুক্ত করা হলেও প্রতিটি নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হবে এমন সিদ্ধান্ত এখনই নেওয়া হয়নি। পরিস্থিতি ও প্রয়োজন বিবেচনায় কমিশন এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।”
বর্তমান স্থানীয় সরকার নির্বাচন আইন, ২০০৯ অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে রয়েছে পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, ব্যাটালিয়ন আনসার, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং কোস্ট গার্ড। নতুন সংশোধনী কার্যকর হলে এসব বাহিনীর পাশাপাশি সশস্ত্র বাহিনীও এ সংজ্ঞার অন্তর্ভুক্ত হবে।
ইসি কর্মকর্তারা বলছেন, ভবিষ্যতে কোনো স্থানীয় সরকার নির্বাচনে নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হলে আলাদা আইনি জটিলতায় পড়তে হবে না।
এদিকে, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে বিভিন্ন প্রতিষ্ঠানের নির্বাচন উপযোগিতা যাচাই করে রোডম্যাপও প্রস্তুত করেছে নির্বাচন কমিশন।








