স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশের সময়সূচি ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১০ আগস্ট খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশের পর দাবি-আপত্তি নিষ্পত্তি শেষে ২৭ আগস্ট প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা।

বুধবার (১৫ জুলাই) ইসির সিনিয়র সহকারী সচিব মো. রশিদ মিয়া স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, স্থানীয় সরকার (সিটি করপোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ ও জেলা পরিষদ) নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫ অনুযায়ী ভোটকেন্দ্র নির্ধারণের কার্যক্রম সম্পন্ন করা হবে। নীতিমালাটি ২০২৫ সালের ২৬ জুন বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত হয়।

নীতিমালা অনুযায়ী, জেলা পরিষদ ছাড়া অন্যান্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচনে ভোটগ্রহণের অন্তত ২৫ দিন আগে ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা গেজেটে প্রকাশ করতে হবে। এজন্য প্রথমে ভোটার এলাকার নাম উল্লেখ করে খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ, এরপর দাবি-আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি শেষে চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হবে।

ইসির নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ১০ আগস্ট খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হবে। এ তালিকার ওপর ১৮ আগস্ট পর্যন্ত দাবি-আপত্তি গ্রহণ করা হবে। প্রাপ্ত দাবি-আপত্তি ২৩ আগস্টের মধ্যে নিষ্পত্তি করে ২৭ আগস্ট প্রকাশ করা হবে স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা।

চিঠিতে আরও বলা হয়েছে, নির্ধারিত সময়সূচি ও নীতিমালা অনুসরণ করে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করে সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার মাধ্যমে ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা নির্বাচন সহায়তা-৩ শাখায় পাঠাতে হবে। পাশাপাশি তফসিল ঘোষণার সাত দিনের মধ্যে তালিকার হার্ড কপি ও সফট কপি সংশ্লিষ্ট শাখায় পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

এ ছাড়া ভোটকেন্দ্র স্থাপনের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিদ্যমান অবকাঠামোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে বলা হয়েছে। ভবনের অভ্যন্তরে স্থায়ী ভোটকক্ষ স্থাপন সম্ভব হলে অস্থায়ী ভোটকক্ষ স্থাপনের প্রস্তাব পরিহার করে সে অনুযায়ী ভোটকেন্দ্রের তালিকা প্রস্তুত করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।