পারিবারিক কলহের জেরে কাশিয়ানীতে বর্না খানমকে (২৮) হত্যা করে লাশ গুমের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার স্বামী আল আমিন ব্যাপারী ওরফে আলামিনকে (৩৭) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে ফরিদপুরের কোতোয়ালি থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আল আমিন ফরিদপুরের কোতোয়ালি থানার রঘুনন্দপুরের নুর ইসলাম ব্যাপারীর ছেলে। তাকে আদালতে পাঠানো হলে তিনি ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, প্রায় ১৪ বছর আগে আল আমিন ব্যাপারীর সঙ্গে কাশিয়ানীর ধানকাড়া দক্ষিণপাড়ার মিজানুর রহমান মুন্সীর মেয়ে বর্না খানমের বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। ৪ জুলাই বর্না খানম স্বামী ও সন্তানদের নিয়ে বাবার বাড়িতে বেড়াতে আসেন। ৬ জুলাই সকালে আল আমিন স্ত্রীকে ডেকে বাড়ির পেছনের পুকুরপাড়ে নিয়ে যান। সেখানে তাকে হত্যা করে লাশ গুমের উদ্দেশ্যে পানিতে ফেলে রেখে পালিয়ে যান। এ ঘটনায় নিহতের মা বেইলি বেগম বাদী হয়ে ওইদিন রাতে কাশিয়ানী থানায় একটি হত্যা মামলা করেন।

কাশিয়ানীর ওসি মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলার ১২ ঘণ্টার মধ্যেই ফরিদপুর থেকে আসামি আল আমিনকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠালে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।