সুবর্ণচরে চুরি হওয়া বিদ্যুতের ট্রান্সফরমারসহ দুই ব্যক্তিকে আটক করেছেন স্থানীয় বাসিন্দা। এ সময় একটি নম্বরবিহীন সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়। বৃহস্পতিবার সকালে উপজেলার দক্ষিণ ফুলজান নগর এলাকায় এ ঘটনা ঘটে। আটকরা হলো- একই উপজেলার চরজুবলি ইউনিয়নের জামাল উদ্দিন এবং আবুল হোসেন ওরফে রাহাত। জানা যায়, দীর্ঘদিন ধরে সুবর্ণচর, হাতিয়া, সদর ও কোম্পানীগঞ্জসহ নোয়াখালীর দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে বিদ্যুতের ট্রান্সফরমার, বৈদ্যুতিক তার ও অন্যান্য সরঞ্জাম চুরি হচ্ছিল। চুরি করা এসব সরঞ্জাম দক্ষিণ ফুলজান নগরের সেলিমের বাড়িতে এনে ট্রান্সফরমার ভেঙে তামা আলাদা করা হতো বলে অভিযোগ এলাকাবাসীর। এলাকাবাসীর দাবি, বৃহস্পতিবার ভোরে সেলিমের বাড়িতে অভিযান চালিয়ে চুরি হওয়া ট্রান্সফরমারসহ দুই ব্যক্তিকে আটক করা হয়। আটক ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জামাল নামে এক ব্যক্তির নির্দেশে বিভিন্ন এলাকা থেকে মালামাল চুরি করে এনে তার কাছে হস্তান্তর করার কথা স্বীকার করেছেন বলে দাবি করেন স্থানীয়রা।








