ইসলামী আন্দোলন বাংলাদেশ’র সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, শুধু ফ্যাসিবাদ তাড়ানোর জন্য দেশে জুলাই অভ্যুত্থান হয়নি। বরং দেশবিক্রির ষড়যন্ত্রকারীদের উৎখাতে জুলাই অভ্যুত্থান সংঘটিত হয়েছে। জনগণ দেশ রক্ষায় জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, শান্তিতে বসবাস করার জন্য। শুক্রবার বাদ জুমা ঢাকার বায়তুল মুকাররম উত্তর গেটে ইসলামী আন্দোলন বাংলাদেশ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের যৌথ উদ্যোগে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদ ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে গণমিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ঢাকা মহানগর উত্তর সভাপতি অধ্যক্ষ শেখ ফজলে বারী মাসউদের সভাপতিত্বে অনুষ্ঠিত গণমিছিলপূর্ব এ সমাবেশে দলের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, জুলাই বিপ্লব হয়েছে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে।
সমাবেশে আরও বত্তৃদ্ধব্য দেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, সহকারী মহাসচিব কেএম আতিকুর রহমান, আব্দুল আউয়াল মজুমদার, প্রকৌশলী মুরাদ হোসেন, হাফেজ মওলানা জহিরুল ইসলাম, মাওলানা কেএম শরীয়াতুল্লাহ, মুফতি ফরিদুল ইসলাম, মাছউদুর রহমান, নিজামুদ্দিন, প্রভাষক শফিকুল ইসলাম, যুবনেতা ইলিয়াস হাসান, ছাত্রনেতা ইমরান হোসাইন নূর প্রমুখ।
সমাবেশ শেষে একটি বিশাল গণমিছিল বায়তুল মোকাররম পল্টন মোড়, বিজয়নগর পানির ট্যাংকি হয়ে পুরানা পল্ট মোড়ে এসে সংক্ষিপ্ত বক্তব্য ও মোনাজাতের মাধ্যমে শেষ হয়। বৈরী আবহাওয়া উপেক্ষা করে বিপুল সংখ্যক নেতাকর্মী মিছিলে অংশ নেন।








