সুইডেনে অবস্থিত রাশিয়ার দূতাবাসে আবারও ড্রোন হামলার অভিযোগ উঠেছে। রুশ দূতাবাসের দাবি, হামলায় ব্যবহৃত একটি ড্রোনে নকল বিস্ফোরক বহন করা হচ্ছিল।

রাশিয়ার দূতাবাস টেলিগ্রামে জানায়, একটি ড্রোন দূতাবাস প্রাঙ্গণে লাল রঙভর্তি একটি পাত্র ফেলে যায়। অপর একটি ড্রোনে একটি নকল তাৎক্ষণিক বিস্ফোরক (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) ছিল। ইচ্ছাকৃতভাবে দূতাবাসের ভবনের কাছাকাছি ড্রোনটি ফেলা হয়।

রুশ দূতাবাসের দাবি, এটি কেবল উসকানিমূলক কর্মকাণ্ড নয় বরং রুশ কূটনৈতিক কর্মীদের ভয়ভীতি প্রদর্শনের সুস্পষ্ট চেষ্টা। স্টকহোমে তাদের কূটনৈতিক মিশনে ধারাবাহিক হামলার জন্য সুইডেন দায়ী এবং এর পরিণতির দায়ও দেশটিকেই নিতে হবে।

দূতাবাস আরও স্মরণ করিয়ে দেয়, কূটনৈতিক সম্পর্কবিষয়ক ভিয়েনা কনভেনশন অনুযায়ী, বিদেশি কূটনৈতিক মিশনের নিরাপত্তা ও অখণ্ডতা নিশ্চিত করা স্বাগতিক রাষ্ট্র হিসেবে সুইডেনের আন্তর্জাতিক দায়িত্ব।

তাদের অভিযোগ, সুইডিশ আইনশৃঙ্খলা বাহিনী কেবল আনুষ্ঠানিকভাবে ঘটনার নথিভুক্ত করেই দায়িত্ব শেষ করছে। গত দুই বছরেরও বেশি সময়ে বহুবার উসকানিমূলক ঘটনার তদন্ত হলেও এখন পর্যন্ত কোনো ফল পাওয়া যায়নি।

রাশিয়ার দূতাবাস জানায়, ২০২৪ সালের মে মাস থেকে সুইডেনে রুশ কূটনৈতিক স্থাপনাগুলোর ওপর ১৫টিরও বেশি ড্রোন হামলার ঘটনা নথিভুক্ত হয়েছে। এসব ঘটনায় রঙভর্তি পাত্র নিক্ষেপ করা হয়েছে এবং বিভিন্ন সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে।

দূতাবাসের মতে, কাচের পাত্রে রঙ ভরে নিক্ষেপ করায় সেগুলো ভেঙে গুরুতর আহত হওয়ার ঝুঁকিও তৈরি হয়েছিল।

এর আগে ২০২৫ সালের ৮ নভেম্বর সুইডেনে রাশিয়ার বাণিজ্য প্রতিনিধিদলের প্রাঙ্গণে একটি ড্রোন থেকে রঙ নিক্ষেপ করা হয়। এছাড়া ১৭ জুন, ৫ জুলাই এবং ২১ আগস্টও একই ধরনের ড্রোন হামলার অভিযোগ জানায় রাশিয়া।

রাশিয়ার দাবি, প্রতিটি ঘটনার পর তারা পুলিশে অভিযোগ এবং সুইডেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনৈতিক নোট পাঠিয়েছে। তবে এখন পর্যন্ত হামলাকারীদের শনাক্ত করা যায়নি এবং এ ধরনের ঘটনা অব্যাহত রয়েছে।

কেএম