শুল্ক ফাঁকির অভিযোগে কক্সবাজারের একটি হোটেলের পার্কিং থেকে বিলাসবহুল তিনটি গাড়ি আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ৩টার দিকে কক্সবাজারের হোটেল ওশান প্যারাডাইজের পার্কিং এলাকায় অভিযান চালিয়ে গাড়িগুলো আটক করা হয়।

শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে কক্সবাজার শহরের একটি হোটেলে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয়, চট্টগ্রামের অতিরিক্ত মহাপরিচালক রেজভী আহম্মেদ।

আটক গাড়িগুলোর নম্বর হলো- ঢাকা মেট্রো-গ-৩০-১২৩৪, ঢাকা মেট্রো-গ-১৮-৯৬৩৮ ও ঢাকা মেট্রো-গ-২৪-৭৩৫৯।

অতিরিক্ত মহাপরিচালক রেজভী আহম্মেদ জানান, গাড়িগুলোর বহনকারী হিসেবে মো. হাসিবুর রহমান সিনহা, মো. সাফিয়াত মাহমুদ ও মো. সারাফাত রহমান ইশানকে জিজ্ঞাসাবাদ করা হয়। গাড়িগুলোর ক্রয় বা আমদানি সংক্রান্ত তথ্য ও প্রয়োজনীয় কোনো দলিল তারা উপস্থাপন করতে পারেননি। পরে পার্কিংয়ে থাকা গাড়ি তিনটি আটক করা হয়।

তিনি বলেন, শুল্ক ফাঁকি, মিথ্যা ঘোষণা, ভিন্নতর উপায়ে বা চোরাচালানের মাধ্যমে গাড়িগুলো আমদানি এবং দলিল জালিয়াতির অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এ বিষয়ে বিস্তারিত অনুসন্ধান চলছে।