তাহিরপুরে যাদুকাটা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের মামলায় ২৭ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে পরিবেশ অধিদপ্তর। তদন্তে সম্পৃক্ততা না পাওয়ায় এজাহারভুক্ত বিএনপির এক নেতাসহ ১০ জনের নাম অভিযোগপত্র থেকে বাদ দেওয়া হয়েছে। তদন্তকারী কর্মকর্তা সাইফুল ইসলাম সোমবার সুনামগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র জমা দেন। মামলায় অভিযোগ করা হয়, গত বছরের ৬ থেকে ১১ অক্টোবর উপজেলার লাউড়েরগড় এলাকায় যাদুাকাটা নদীর পাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলন করা হয়। হাজারো মানুষ নৌকা ও বাল্কহেডে বালু লুট করে নিয়ে যায়। অভিযোগপত্রে তাহিরপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান, বাদাঘাট ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আফতাব উদ্দিন, বাদাঘাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি খাজা মাইনুদ্দিন, মোশাহিদ আলম ওরফে রানু মেম্বার, জামাল মিয়া, বিল্লাল মিয়া, বোরহান উদ্দিনসহ ২৭ জনের নাম আছে। তবে এজাহারে নাম থাকা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রাকাব উদ্দিনের নাম অভিযোগপত্র থেকে বাদ দেওয়া হয়েছে।








