কয়েক মাস আগে বাগেরহাটের মোংলা উপজেলার শরকির খাল লাগোয়া সুন্দরবনে এক পূর্ণবয়স্ক বাঘিনী ইস্পাতের তারের ফাঁদে আটকা পড়েছিল। সম্ভবত চিত্রা হরিণ বা বুনো শূকর ধরার উদ্দেশ্যে পাতা সেই ফাঁদেই ধরা পড়ে সুন্দরবনের অন্যতম শীর্ষ শিকারি। দীর্ঘদিন মুক্ত হতে না পেরে সে মারাত্মক আহত, অপুষ্ট ও দুর্বল হয়ে পড়ে। স্থানীয় মানুষের সহায়তায় বন বিভাগ তাকে উদ্ধার করে খুলনার বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের পুনর্বাসনকেন্দ্রে চিকিৎসার ব্যবস্থা করে।
এটি নিঃসন্দেহে বাংলাদেশের বন্য প্রাণী সংরক্ষণের ইতিহাসে একটি উল্লেখযোগ্য সাফল্য। বন বিভাগের কর্মকর্তা, পশুচিকিৎসক এবং মাঠপর্যায়ের কর্মীদের আন্তরিকতা, দক্ষতা ও নিরলস প্রচেষ্টার ফলেই বাঘিনীটি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। গুরুতর আহত একটি পূর্ণবয়স্ক বেঙ্গল টাইগারকে সুস্থ করে তোলা সহজ কাজ নয়। এ জন্য সংশ্লিষ্ট সবাই আন্তরিক অভিনন্দনের দাবিদার।
বাঘের মতো এলাকানির্ভর শিকারির ক্ষেত্রে দীর্ঘ অনুপস্থিতি তার ভবিষ্যৎ অনিশ্চিত করে তুলতে পারে।
গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন
উদ্ধার ও চিকিৎসার সাফল্যের পর এখন সামনে এসেছে আরও গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন—শারীরিকভাবে সুস্থ হওয়া কি বনে ফিরে স্বাধীনভাবে বেঁচে থাকার জন্য যথেষ্ট?
প্রথম দৃষ্টিতে উত্তরটি সহজ মনে হতে পারে। আহত প্রাণী সুস্থ হয়েছে, তাই তাকে প্রকৃতিতে ফিরিয়ে দেওয়াই স্বাভাবিক। কিন্তু বনের জীবন মানুষের জীবনের মতো নয়। প্রকৃতিতে কেউ কারও জন্য অপেক্ষা করে না। বিশেষ করে বাঘের মতো এলাকানির্ভর শিকারির ক্ষেত্রে দীর্ঘ অনুপস্থিতি তার ভবিষ্যৎ অনিশ্চিত করে তুলতে পারে।
সুন্দরবনের প্রতিটি পূর্ণবয়স্ক বাঘ বা বাঘিনীর একটি নির্দিষ্ট বিচরণক্ষেত্র বা টেরিটরি থাকে। এটি শুধু একটি ভৌগোলিক এলাকা নয়; এটি তার বহু বছরের অভিজ্ঞতা, স্মৃতি ও বেঁচে থাকার জ্ঞানভান্ডার। কোথায় জোয়ারের সময় নিরাপদে চলাচল করা যায়, কোন খালের ধারে হরিণ বেশি আসে, কোথায় বুনো শূকরের বিচরণ, কোন পথ এড়িয়ে চলতে হবে এবং কোথায় প্রতিদ্বন্দ্বী বাঘের উপস্থিতি রয়েছে—এসব কোনো মানচিত্রে লেখা থাকে না। বছরের পর বছর অভিজ্ঞতা, পর্যবেক্ষণ ও অসংখ্য সফল-ব্যর্থ শিকারের মধ্য দিয়ে একটি বাঘ এই জ্ঞান অর্জন করে।
এই বাঘিনীও একসময় সেই কঠিন বিদ্যালয়ের একজন সফল শিক্ষার্থী ছিল। অন্যথায় সুন্দরবনের মতো জটিল বাস্তুতন্ত্রে সে পূর্ণবয়স্ক হতে পারত না। কিন্তু প্রায় ছয় মাস বন্দী থাকার ফলে সেই ধারাবাহিকতায় একটি বিরতি সৃষ্টি হয়েছে। তাই আজ মূল প্রশ্ন তার ক্ষত শুকিয়েছে কি না, সেটি নয়; প্রশ্ন হলো, তার আচরণগত সক্ষমতা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং শিকারি প্রবৃত্তি আগের মতো অক্ষুণ্ন আছে কি না।
চিকিৎসাকালীন বন্দিত্বে প্রাণীটির জীবন রক্ষা করাই প্রধান লক্ষ্য থাকে। ফলে তাকে খাবার খুঁজে বেড়াতে হয় না, শিকার ধরতে হয় না কিংবা প্রতিদিন বেঁচে থাকার কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হয় না। এটি চিকিৎসার জন্য অপরিহার্য হলেও একই সঙ্গে স্বাভাবিক শিকারি আচরণের ধারাবাহিকতা ব্যাহত হয়।
শিকার কেবল শক্তির খেলা নয়; এটি ধৈর্য, কৌশল, পর্যবেক্ষণ ও সঠিক মুহূর্তে আক্রমণের সমন্বয়। গবেষণায় দেখা গেছে, বড় মাংসাশী প্রাণীদের অধিকাংশ শিকার–চেষ্টাই ব্যর্থ হয়। একটি সফল শিকারের পেছনে থাকে দীর্ঘ অনুসরণ, নিঃশব্দে অপেক্ষা, বাতাসের দিক বোঝা এবং সঠিক সময় নির্বাচন করার দক্ষতা। এই দক্ষতা জন্মগত হলেও নিয়মিত অনুশীলনের মাধ্যমে আরও শাণিত হয়।
চিকিৎসাকালীন বন্দিত্বে প্রাণীটির জীবন রক্ষা করাই প্রধান লক্ষ্য থাকে। ফলে তাকে খাবার খুঁজে বেড়াতে হয় না, শিকার ধরতে হয় না কিংবা প্রতিদিন বেঁচে থাকার কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হয় না। এটি চিকিৎসার জন্য অপরিহার্য হলেও একই সঙ্গে স্বাভাবিক শিকারি আচরণের ধারাবাহিকতা ব্যাহত হয়। তাই কেবল শারীরিক সুস্থতা দিয়ে তার বনে ফিরে টিকে থাকার সক্ষমতা বিচার করা বৈজ্ঞানিকভাবে যথেষ্ট নয়।
আচরণ আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। বন্দিত্বে থাকা প্রাণী নিয়মিত মানুষের উপস্থিতি দেখে। চিকিৎসক, পরিচর্যাকারী এবং অন্য কর্মীদের সংস্পর্শ পুরোপুরি এড়ানো সম্ভব হয় না। যদিও সংশ্লিষ্টরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেন, তবু দীর্ঘদিন মানুষের কাছাকাছি থাকার ফলে আচরণে কিছু পরিবর্তন আসতে পারে। অথচ বনে সফলভাবে টিকে থাকার জন্য মানুষের প্রতি স্বাভাবিক সতর্কতা ও দূরত্ব বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই স্বাভাবিক প্রবৃত্তি দুর্বল হয়ে গেলে ভবিষ্যতে মানুষ-বাঘ সংঘাতের ঝুঁকি বেড়ে যেতে পারে।
মূল প্রশ্ন তার ক্ষত শুকিয়েছে কি না, সেটি নয়; প্রশ্ন হলো, তার আচরণগত সক্ষমতা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং শিকারি প্রবৃত্তি আগের মতো অক্ষুণ্ন আছে কি না।
শিকারি এলাকার বৈজ্ঞানিক মূল্যায়ন
বাস্তবতা আরও একটি কঠিন প্রশ্ন সামনে আনে। আমরা নিশ্চিতভাবে জানি না, যে এলাকা থেকে বাঘিনীটিকে উদ্ধার করা হয়েছিল, সেটি এখনো তার নিয়ন্ত্রণে আছে কি না। তার অনুপস্থিতিতে অন্য কোনো বাঘ বা বাঘিনী সেখানে বিচরণ শুরু করে থাকতে পারে। যদি সে ফিরে গিয়ে নিজের পুরোনো এলাকা পুনরুদ্ধার করতে না পারে, তাহলে তাকে নতুন এলাকা খুঁজতে হবে অথবা অন্য বাঘের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়তে হবে।
পূর্ণবয়স্ক বাঘের মধ্যে এ ধরনের সংঘর্ষ কখনো কখনো প্রাণঘাতী হয়। গুরুতর আঘাত শিকার করার ক্ষমতা কমিয়ে দেয় এবং শেষ পর্যন্ত মৃত্যুর কারণও হতে পারে। তাই বাঘিনীটিকে অবমুক্ত করার আগে সম্ভাব্য আবাসস্থল, বর্তমান টেরিটরির অবস্থা এবং সেখানে অন্য বাঘের উপস্থিতি সম্পর্কে বৈজ্ঞানিক মূল্যায়ন অত্যন্ত জরুরি।
এ কারণেই বাঘিনীটিকে বনে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্তটি কেবল আবেগ বা শুভকামনার ভিত্তিতে নেওয়া উচিত নয়। একইভাবে অযথা দীর্ঘদিন বন্দী রেখেও সমস্যার সমাধান হবে না। সিদ্ধান্ত হতে হবে তথ্যনির্ভর, বৈজ্ঞানিক এবং প্রাণীটির দীর্ঘমেয়াদি কল্যাণ সামনে রেখে।
পূর্ণবয়স্ক বাঘের মধ্যে এ ধরনের সংঘর্ষ কখনো কখনো প্রাণঘাতী হয়। গুরুতর আঘাত শিকার করার ক্ষমতা কমিয়ে দেয় এবং শেষ পর্যন্ত মৃত্যুর কারণও হতে পারে। তাই বাঘিনীটিকে অবমুক্ত করার আগে সম্ভাব্য আবাসস্থল, বর্তমান টেরিটরির অবস্থা এবং সেখানে অন্য বাঘের উপস্থিতি সম্পর্কে বৈজ্ঞানিক মূল্যায়ন অত্যন্ত জরুরি।
চিকিৎসা ও পুনর্বাসন দুটি পৃথক ধাপ
বিভিন্ন দেশে বন্য প্রাণী পুনর্বাসনের ক্ষেত্রে চিকিৎসা ও পুনর্বাসনকে দুটি পৃথক ধাপ হিসেবে বিবেচনা করা হয়। চিকিৎসার উদ্দেশ্য প্রাণীটিকে মৃত্যুর হাত থেকে ফিরিয়ে এনে শারীরিকভাবে সুস্থ করে তোলা। কিন্তু পুনর্বাসনের উদ্দেশ্য হলো নিশ্চিত হওয়া যে সে আবার স্বাধীনভাবে প্রকৃতিতে বেঁচে থাকতে পারবে কি না।
এই মূল্যায়নে সাধারণত কয়েকটি বিষয় বিশেষভাবে বিবেচনা করা হয়—প্রাণীটি স্বাভাবিকভাবে শিকার করতে পারে কি না, মানুষের উপস্থিতি এড়িয়ে চলে কি না, দীর্ঘ সময় খাদ্য সংগ্রহ করতে সক্ষম কি না, বিস্তীর্ণ এলাকায় স্বাধীনভাবে বিচরণ করতে পারে কি না এবং তার প্রজাতিসুলভ স্বাভাবিক আচরণ অক্ষুণ্ন আছে কি না। বড় মাংসাশী প্রাণীর ক্ষেত্রে এই আচরণগত মূল্যায়ন শারীরিক সুস্থতার মতোই গুরুত্বপূর্ণ।
অনেক দেশে হাসপাতাল বা উদ্ধারকেন্দ্র থেকে সরাসরি বনে অবমুক্ত করা হয় না। প্রথমে প্রাণীটিকে প্রাকৃতিক পরিবেশের অনুরূপ একটি বড় ঘেরা এলাকায় রাখা হয়, যেখানে মানুষের উপস্থিতি সীমিত থাকে এবং তাকে নিজের শিকার নিজেকেই ধরতে হয়। এই ধাপকে ‘সফট রিলিজ’ বা ধাপে ধাপে অবমুক্তি বলা হয়। এর মাধ্যমে প্রাণীটির শিকারি দক্ষতা, আত্মবিশ্বাস এবং স্বাভাবিক আচরণ আবার মূল্যায়নের সুযোগ সৃষ্টি হয়। এই পদ্ধতি শুধু প্রাণীটির নিরাপত্তাই নয়, অবমুক্তির সাফল্যের সম্ভাবনাও বৃদ্ধি করে।
বাঘিনীটির ভবিষ্যৎ নির্ধারণে একটি জাতীয় বিশেষজ্ঞ কমিটি গঠন করা প্রয়োজন। সেই কমিটিতে বন্য প্রাণী বিশেষজ্ঞ, পশুচিকিৎসক, সংরক্ষণ জীববিজ্ঞানী, আচরণবিজ্ঞানী এবং সুন্দরবনে দীর্ঘদিন কাজ করা মাঠপর্যায়ের বন বিভাগের অভিজ্ঞ বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত করা উচিত।
গুরুত্বপূর্ণ শিক্ষা নিতে পারে বাংলাদেশ
বাংলাদেশ এই অভিজ্ঞতা থেকে গুরুত্বপূর্ণ শিক্ষা নিতে পারে। গত কয়েক দশকে উদ্ধার, চিকিৎসা ও বন্য প্রাণী সংরক্ষণে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। কিন্তু বড় মাংসাশী বন্য প্রাণীর পুনর্বাসন, আচরণগত মূল্যায়ন এবং বৈজ্ঞানিক পুনঃ অবমুক্তির জন্য এখনো আমাদের বিশেষায়িত অবকাঠামো ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা সীমিত।
এ কারণেই বাঘিনীটির ভবিষ্যৎ নির্ধারণে একটি জাতীয় বিশেষজ্ঞ কমিটি গঠন করা প্রয়োজন। সেই কমিটিতে বন্য প্রাণী বিশেষজ্ঞ, পশুচিকিৎসক, সংরক্ষণ জীববিজ্ঞানী, আচরণবিজ্ঞানী এবং সুন্দরবনে দীর্ঘদিন কাজ করা মাঠপর্যায়ের বন বিভাগের অভিজ্ঞ বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত করা উচিত। তাঁদের সম্মিলিত মূল্যায়নের ভিত্তিতেই সিদ্ধান্ত হওয়া উচিত—বাঘিনীটি অবিলম্বে বনে ফিরবে, আরও পুনর্বাসনের প্রয়োজন হবে, নাকি অন্যত্র সরিয়ে নেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হবে।
কিন্তু এই ঘটনা কেবল একটি বাঘিনীকে ঘিরে সীমাবদ্ধ নয়; ভবিষ্যতে যদি আবার কোনো বাঘ, চিতা বাঘ, ভালুক, হাতি কিংবা অন্য বড় স্তন্যপায়ী বন্য প্রাণী একই পরিস্থিতিতে পড়ে, তাহলে কি প্রতিবার নতুন করে সিদ্ধান্ত নিতে হবে? নাকি এখনই একটি বৈজ্ঞানিক, আন্তর্জাতিক মানসম্পন্ন জাতীয় পুনর্বাসন নীতিমালা প্রণয়ন করা হবে?
এই প্রতিষ্ঠানগুলো প্রমাণ করেছে যে বড় স্তন্যপায়ী প্রাণীর উদ্ধার, পুনর্বাসন, পুনঃ অবমুক্তি এবং মানব-বন্য প্রাণী সংঘাত ব্যবস্থাপনার মতো জটিল কাজ একটি বিশেষায়িত প্রতিষ্ঠানের মাধ্যমে অনেক বেশি কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব।
বিশেষায়িত বিভাগ গড়ে তোলা দরকার
আমার দৃঢ় বিশ্বাস, এখন সময় এসেছে বাংলাদেশে একটি স্বাধীন বন্য প্রাণী সংরক্ষণ ও ব্যবস্থাপনা বিভাগ (ওয়াইল্ডলাইফ কনজারভেশন অ্যান্ড ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট) প্রতিষ্ঠার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার। বর্তমান বন বিভাগ দেশের বনসম্পদ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং এই বাঘিনীকে উদ্ধার ও চিকিৎসার ক্ষেত্রেও তাদের সাফল্য প্রশংসার দাবিদার। কিন্তু বন্য প্রাণী উদ্ধার, পুনর্বাসন, পুনঃ অবমুক্তি, গবেষণা, মানব-বন্য প্রাণী সংঘাত ব্যবস্থাপনা এবং জাতীয় পর্যায়ে বন্য প্রাণী ব্যবস্থাপনা—এসবই এখন একটি পূর্ণকালীন, বিশেষায়িত ও বহুমাত্রিক দায়িত্বে পরিণত হয়েছে। বহু দেশে এই কারণেই বন ব্যবস্থাপনা ও বন্য প্রাণী ব্যবস্থাপনা আলাদা প্রশাসনিক কাঠামোর অধীনে পরিচালিত হয়।
বিশ্বের অনেক দেশ ইতিমধ্যে উপলব্ধি করেছে যে বন ব্যবস্থাপনা এবং বন্য প্রাণী সংরক্ষণ—যদিও পরস্পরসম্পর্কিত দুটি ভিন্ন ধরনের বিশেষায়িত দায়িত্ব। শ্রীলঙ্কায় বন্য প্রাণী সংরক্ষণ ও ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে একটি স্বতন্ত্র ডিপার্টমেন্ট অব ওয়াইল্ডলাইফ কনজারভেশন, যা জাতীয় উদ্যান, বন্য প্রাণী উদ্ধার, পুনর্বাসন, মানব-বন্য প্রাণী সংঘাত নিরসন এবং সংরক্ষণ গবেষণার দায়িত্ব বহন করে। কেনিয়ায় একইভাবে কেনিয়া ওয়াইল্ডলাইফ সার্ভিস (কেডব্লিউএস) একটি স্বাধীন ও বিশেষায়িত প্রতিষ্ঠান হিসেবে বন্য প্রাণী সংরক্ষণ, উদ্ধার, পুনর্বাসন, আইন প্রয়োগ, পর্যটন ব্যবস্থাপনা এবং গবেষণার কাজ সমন্বিতভাবে পরিচালনা করে। মালয়েশিয়ায় উপদ্বীপীয় অঞ্চলের বন্য প্রাণী সংরক্ষণের জন্য ডিপার্টমেন্ট অব ওয়াইল্ডলাইফ অ্যান্ড ন্যাশনাল পার্কস (পারহিলিটান) দীর্ঘদিন ধরে একটি নিবেদিত প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে। এই প্রতিষ্ঠানগুলো প্রমাণ করেছে যে বড় স্তন্যপায়ী প্রাণীর উদ্ধার, পুনর্বাসন, পুনঃ অবমুক্তি এবং মানব-বন্য প্রাণী সংঘাত ব্যবস্থাপনার মতো জটিল কাজ একটি বিশেষায়িত প্রতিষ্ঠানের মাধ্যমে অনেক বেশি কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব।
বাংলাদেশেও এখন সেই বাস্তবতা স্পষ্ট হয়ে উঠছে। বর্তমান বন বিভাগ দেশের বনসম্পদ রক্ষা ও বন্য প্রাণী সংরক্ষণে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। কিন্তু বন্য প্রাণী উদ্ধার, চিকিৎসা, আচরণগত পুনর্বাসন, পুনঃ অবমুক্তি, বৈজ্ঞানিক গবেষণা এবং মানব-বন্য প্রাণী সংঘাত ব্যবস্থাপনার ক্রমবর্ধমান চাহিদা বিবেচনায় একটি স্বাধীন বন্য প্রাণী সংরক্ষণ ও ব্যবস্থাপনা বিভাগ প্রতিষ্ঠা করা সময়ের দাবি। এমন একটি প্রতিষ্ঠান বন বিভাগের বিকল্প নয়; বরং তার একটি বিশেষায়িত অংশীদার হিসেবে কাজ করবে এবং দেশের বন্য প্রাণী সংরক্ষণকে আরও বিজ্ঞানভিত্তিক, সমন্বিত ও কার্যকর পর্যায়ে নিয়ে যাবে।
বাংলাদেশেও যদি এমন একটি বিশেষায়িত বিভাগ গড়ে তোলা যায়, তবে ভবিষ্যতে শুধু বাঘ নয়, হাতি, চিতা বাঘ, ভালুক, ডলফিন, কুমির, কচ্ছপ এবং অন্যান্য সংকটাপন্ন বন্য প্রাণীর উদ্ধার, পুনর্বাসন ও সংরক্ষণ আরও বিজ্ঞানভিত্তিক, সমন্বিত এবং কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব হবে।
তাই এই বাঘিনী কেবল একটি উদ্ধার হওয়া প্রাণী নয়; সে বাংলাদেশের বন্য প্রাণী সংরক্ষণের একটি সন্ধিক্ষণের প্রতীক। কয়েক মাস আগে একটি ইস্পাতের ফাঁদ তার জীবন কেড়ে নিতে বসেছিল। আজ তার ভবিষ্যৎ নির্ভর করছে আমাদের বিচক্ষণতা, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি এবং প্রাতিষ্ঠানিক প্রস্তুতির ওপর।
যদি বৈজ্ঞানিক মূল্যায়ন প্রমাণ করে যে সে আবার নিজের শক্তিতে সুন্দরবনে টিকে থাকতে পারবে, তাহলে তাকে তার জন্মভূমিতে ফিরিয়ে দেওয়াই হবে সবচেয়ে যথাযথ ও নৈতিক সিদ্ধান্ত। আর যদি মূল্যায়নে দেখা যায় যে আরও পুনর্বাসন ছাড়া অবমুক্তি তার নিজের, অন্য বাঘের কিংবা মানুষের জন্য ঝুঁকিপূর্ণ হবে, তাহলে সেই বাস্তবতাও সমান সাহসের সঙ্গে মেনে নিতে হবে।
প্রকৃতির প্রতি দায়িত্বের অর্থ সব সময় খাঁচার দরজা খুলে দেওয়া নয়; প্রকৃত দায়িত্ব হলো এমন সিদ্ধান্ত নেওয়া, যা প্রাণীটির দীর্ঘমেয়াদি কল্যাণ, প্রজাতির সংরক্ষণ ও মানুষের নিরাপত্তার মধ্যে সঠিক ভারসাম্য নিশ্চিত করে।
সুন্দরবনের এই রাজকন্যা আমাদের কাছে করুণা চায় না, অন্ধ স্বাধীনতাও চায় না। সে শুধু চায় একটি ন্যায্য, বৈজ্ঞানিক ও দায়িত্বশীল সিদ্ধান্ত। আমরা আজ যে সিদ্ধান্ত নেব, ভবিষ্যতে উদ্ধার হওয়া প্রতিটি বাঘ, চিতা বাঘ, ভালুক, হাতি কিংবা অন্য বড় বন্য প্রাণীর ব্যবস্থাপনায় সেটিই দৃষ্টান্ত হয়ে থাকবে।







