দীর্ঘমেয়াদি রোগ প্রতিরোধ, সঠিক খাদ্যাভ্যাস এবং স্বাস্থ্যকর জীবনধারা সম্পর্কে জনসচেতনতা বাড়াতে রাজশাহী শিল্পকলা একাডেমিতে শনিবার বৈজ্ঞানিক স্বাস্থ্য সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আমেরিকান ওয়েলনেস সেন্টারের আয়োজনে সেমিনারে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশি-আমেরিকান চিকিৎসা গবেষক ও যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির অধ্যাপক ড. মজিবুল হক। তিনি বলেন, হৃদরোগ, স্ট্রোক, ডায়াবেটিস, কিডনি রোগসহ দীর্ঘমেয়াদি অসংক্রামক রোগ বিশ্বজুড়ে দ্রুত বাড়ছে। এসব রোগের পেছনে জিনগত কারণের পাশাপাশি অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, অতিমাত্রায় প্রক্রিয়াজাত খাবার, শারীরিক নিষ্ক্রিয়তা, মানসিক চাপ ও অনিয়মিত জীবনযাপন বড় ভূমিকা রাখে। ড. মজিবুল হক দিনের শুরুতে খালি পেটে চা বা কফির পরিবর্তে পর্যাপ্ত পানি পান, পুষ্টিকর নাশতা গ্রহণ এবং নিয়মিত ব্যায়ামের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, টাইপ-২ ডায়াবেটিস শুধু রক্তে শর্করার সমস্যা নয়; এটি শরীরের বিপাকীয় ব্যবস্থার জটিল পরিবর্তনের ফল। তাই ওষুধের পাশাপাশি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, ওজন নিয়ন্ত্রণ ও জীবনধারা পরিবর্তন জরুরি। সেমিনারে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ রেলওয়ের অর্থ-উপদেষ্টা ও প্রধান হিসাব অধিকর্তা (পশ্চিম) গৌরাঙ্গ চন্দ্র দেবনাথ। সভাপতিত্ব করেন আমেরিকান ওয়েলনেস সেন্টারের চেয়ারম্যান মাহাবুবুর রহমান।

বক্তারা বলেন, দীর্ঘমেয়াদি সুস্থতার জন্য সুষম খাদ্যাভ্যাস, স্বাস্থ্যকর জীবনধারা, বিজ্ঞানভিত্তিক চিকিৎসা, শরীরের স্বাভাবিক পুনরুদ্ধার প্রক্রিয়াকে সহায়তা এবং মানসিক প্রশান্তি নিশ্চিত করা প্রয়োজন।