চরফ্যাশনে পাওনা টাকা নিয়ে বিরোধে সলেমান (৩৮) নামের এক যুবকের ওপর হামলা শেষে তিনি আহত হলে ভগনিপতি পরিকল্পিতভাবে মেরে স্ত্রীকে না জানিয়ে গোপনে লাশ দাফন করেন। এ অভিযোগে নিহতের ভগনিপতি বশির উল্যাহ মহাজনসহ ৫ জনকে আসামি করে চরফ্যাশন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা হয়েছে। আদালতের বিচারক মো. আরিফ উল ইসলাম সলেমানের মৃত্যুর বিষয়ে কোনো মামলা না হয়ে থাকলে মামলা রুজু করে প্রতিবেদন দিতে দক্ষিণ আইচা থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। নিহত সলেমান তজুমদ্দিন উপজেলার উত্তর চাচড়া গ্রামের মো. আলমের ছেলে নিহতের স্ত্রী মামলার বাদী রুমা বেগম ২৯ জুন সংবাদকর্মীদের নিকট অভিযোগ করেন। আদালতের আদেশের ২০ দিনেও থানায় মামলাটি রুজু না হওয়ায় তিনি মামলার ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন রয়েছেন।

জানা গেছে, ১০ জুন মামলাটি দায়ের হলে আদালত ওই দিনই ওসির প্রতি এ নির্দেশ দিয়ে আদেশের এবং নালিশের অনুলিপি দক্ষিণ আইচা থানার ওসির কাছে পাঠাতে আদালত সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।

দক্ষিণ আইচা থানার সেকেন্ড অফিসার এসআই মো. হুমায়ুন কবির জানান, শনিবার আদালতের আদেশের কপি তারা পেয়েছেন। ওসি সাহেব ছুটিতে আছেন ছুটি শেষে এসে তিনি আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেবেন।