সুনামগঞ্জের তাহিরপুর থানার ওসি মো. আমিনুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। উপজেলার আলোচিত যাদুকাটা নদীর বালুখেকোদের নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় পুলিশ সদর দপ্তরের নির্দেশে তাকে দিরাই সার্কেলে সংযুক্ত করা হয়েছে। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল এ আদেশে স্বাক্ষর করেন। ২০২৫ সালের ৮ ডিসেম্বর আমিনুল ইসলাম তাহিরপুর থানার ওসি হিসাবে যোগ দেন।
সোমবার যুগান্তরের প্রথম পাতায় ‘যাদুকাটায় বালু লুটের মহোৎসব, সবার মুখ বন্ধ’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। খবরটি পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সিলেট রেঞ্জ ডিআইজির দৃষ্টিগোচর হয়। এরপরই তাহিরপুর থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়। এর আগে সুনামগঞ্জ-১ আসনের সংসদ-সদস্য মো. কামরুজ্জামান কামরুল নদীর তীর রক্ষায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্থানীয় পুলিশের ওপর আস্থা হারিয়ে কোস্ট গার্ড চান। এতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা নড়েচড়ে বসেন।








