তাইজুল ইসলামের দুর্দান্ত বোলিংয়েও স্বস্তি মিলল না বাংলাদেশের। হারারেতে একমাত্র টেস্টের দ্বিতীয় দিনে সোমবার বাঁহাতি এই স্পিনারের সাত উইকেট শিকারের পরও ২৭০ রানের লিড নেয় জিম্বাবুয়ে। পরে দ্বিতীয় ইনিংসে দিনশেষে এক উইকেটে ৪০ রান তুললেও এখনো ২৩০ রানে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। প্রথম দিনের এক উইকেটে ১৩৬ রান নিয়ে ব্যাটিংয়ে নেমে ইনোসেন্ট কাইয়ার ১৪০, ক্রেইগ আরভিনের ৬০, ব্রায়ান বেনেটের ৫৯ এবং ওয়েসলি মাধেভেরের অপরাজিত ৭৭ রানে ভর করে ৪১০ রানের পাহাড় গড়ে অলআউট হয় স্বাগতিকরা। বাংলাদেশের হয়ে একাই লড়াই করেন তাইজুল। ৪০.২ ওভারে ১৩৮ রান দিয়ে সাত উইকেট নিয়ে টেস্ট ক্যারিয়ারে ১৯তম পাঁচ উইকেটের কীর্তি গড়ে সাকিব আল হাসানের রেকর্ড স্পর্শ করেন তিনি। খালেদ আহমেদ নেন দুটি উইকেট। প্রথম ইনিংসে বাংলাদেশ হতাশায় ব্যাটিংয়ে মাত্র ১৪০ রানে অলআউট হয়। ২৭০ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে বাংলাদেশ। তবে শুরুতেই ধাক্কা খায় সফরকারীরা।