সাতক্ষীরার তালায় যাত্রীবাহী বাসের ধাক্কায় কুশল রায় সরদার (১৩) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় তার বাবা শিক্ষক কানাই লাল সরদার গুরুতর আহত হয়েছেন। বুধবার (১ জুলাই) সকাল ৯টার দিকে খুলনা-পাইকগাছা মহাসড়কের শাহপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত কুশল রায় সরদার তালা ব্রজেন দে সরকারি উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। সে তালা উপজেলার নলতা গ্রামের কানাই লাল সরদারের ছেলে। কানাই লাল সরদার ও তাঁর স্ত্রী উভয়েই শিক্ষকতা পেশায় নিয়োজিত এবং চাকরির সুবাদে চুকনগরে বসবাস করেন।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে বৃষ্টির মধ্যে মোটরসাইকেলে করে বাবা ও ছেলে চুকনগর থেকে তালার দিকে যাচ্ছিলেন। শাহপুর বাজারের ব্র্যাক অফিসের সামনে পৌঁছালে পাইকগাছা থেকে খুলনাগামী একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। তে মোটরসাইকেলে থাকা কুশল বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। স্থানীয় লোকজনের সহায়তায় ফায়ার সার্ভিসের সদস্যরা আহত কানাই লাল সরদারকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।তালা থানার ওসি (তদন্ত) সাখাওয়াত হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।/