ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের ৬০ শয্যার হাম ডেডিকেটেড ইউনিটে ১০১ শিশু ভর্তি হয়ে চিকিৎসাধীন আছে। শয্যার চেয়ে অতিরিক্ত রোগী ভর্তি থাকায় অনেকের ঠাঁই হয়েছে মেঝেতে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে কোনো রোগীর মৃত্যু না হলেও নতুন করে হাসপাতালে আরো ২০ শিশু ভর্তি হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৯ শিশু।

বুধবার (১জুলাই) সকালে হাসপাতালের সহকারী পরিচালক মাইনউদ্দিন খান এ তথ্য জানান। 

তিনি জানান, গত ১৭ মার্চ থেকে এ পর্যন্ত ২ হাজার ৪৭৩ শিশু হাম ও উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে। তাদের মধ্যে ৬০ শিশুর মৃত্যু হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ২ হাজার ৩১২ শিশু।