ফরিদপুরের ভাঙ্গায় পূর্বশত্রুতার জেরে দুই গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে সুমন শেখ (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে ইটপাটকেলের আঘাতে পুলিশ সদস্যসহ আহত হয়েছেন অন্তত ২০ জন। মঙ্গলবার (৩০ জুন) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত উপজেলার ভাঙ্গা বাসস্ট্যান্ড সংলগ্ন এক্সপ্রেসওয়ে এলাকায় এই সংঘর্ষ চলে। এ ঘটনায় জড়িত সন্দেহে রাতেই ১৭ জনকে আটক করেছে পুলিশ।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কাপুড়িয়া সদরদী ও হাসামদিয়া গ্রামের যুবকদের মধ্যে দীর্ঘদিনের বিরোধ ছিল। এর জেরে ৪ মাস আগের একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গতকাল সন্ধ্যায় উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে মহাসড়কে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ায় পুরো এক্সপ্রেসওয়ে এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।রাত সাড়ে ৯টার দিকে সুমন শেখ নামের ১ যুবক গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়ার খবর ছড়িয়ে পড়লে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। নিহতের স্বজন ও বিক্ষুব্ধ এলাকাবাসী মহাসড়কের ওপর আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে এক্সপ্রেসওয়েতে প্রায় ৩ ঘণ্টা যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে এবং সাধারণ যাত্রীরা চরম ভোগান্তির শিকার হন।খবর পেয়ে ভাঙ্গা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে উত্তেজিত জনতা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে রাত ১০টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, সহিংসতা বন্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। রাতেই অভিযান চালিয়ে ১৭ জনকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি শান্ত আছে।/