বৈরী আবহাওয়ার কারণে টানা ছয় দিন ধরে বন্ধ রয়েছে সেন্ট মার্টিন-টেকনাফ নৌপথে যাত্রীবাহী ট্রলার চলাচল। এতে দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্ট মার্টিনের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। পাশাপাশি খাদ্য সংকটের আশঙ্কাও দেখা দিয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
সেন্ট মার্টিন সার্ভিস ট্রলার মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদ জানান, গত বৃহস্পতিবার (২ জুলাই) সকাল থেকে মঙ্গলবার (৭ জুলাই) সকাল পর্যন্ত এই নৌপথে কোনো যাত্রীবাহী ট্রলার চলাচল করেনি। বর্তমানে নৌপথটিতে ২৬টি যাত্রীবাহী ট্রলার রয়েছে এবং রোটেশন পদ্ধতিতে প্রতিদিন দুই থেকে তিনটি ট্রলার চলাচল করে। তবে আবহাওয়া অধিদফতরের সতর্ক সংকেত বহাল থাকায় দুর্ঘটনার ঝুঁকি এড়াতে ট্রলার চলাচল বন্ধ রাখা হয়েছে।
সেন্ট মার্টিনের বাসিন্দাদের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীসহ অধিকাংশ পণ্য মূল ভূখণ্ডের টেকনাফ থেকে সরবরাহ করা হয়। ফলে দীর্ঘ সময় নৌযান চলাচল বন্ধ থাকলে দ্বীপে খাদ্য সরবরাহে বিঘ্ন ঘটে এবং সংকটের আশঙ্কা তৈরি হয়।
সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, বৃহস্পতিবার থেকে ট্রলার চলাচল বন্ধ থাকায় স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েছেন। প্রতি বছর বর্ষা মৌসুমে, বিশেষ করে জুন ও জুলাই মাসে এমন পরিস্থিতির সৃষ্টি হয়। বর্তমান অবস্থা আরও কয়েকদিন স্থায়ী হলে খাদ্য সংকট দেখা দিতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
এদিকে নৌযোগাযোগ বন্ধ থাকায় শিক্ষার্থীরাও ভোগান্তির মুখে পড়েছেন। বিশেষ করে দ্বীপের এইচএসসি পরীক্ষার্থীদের যাতায়াত নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. অনীক চৌধুরী বলেন, বৈরী আবহাওয়ার কারণে টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে ট্রলার চলাচল আপাতত বন্ধ রয়েছে। তিনি জানান, এইচএসসি পরীক্ষার্থীদের যাতায়াত সহজ করতে কী ধরনের ব্যবস্থা নেওয়া যায়, সে বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে ইতোমধ্যে অবহিত করা হয়েছে।
বর্ষা মৌসুমে সাগর উত্তাল হয়ে ওঠায় প্রায় প্রতি বছরই সেন্ট মার্টিনের সঙ্গে মূল ভূখণ্ডের যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটে। এতে দ্বীপবাসীর জীবনযাত্রা ব্যাহত হওয়ার পাশাপাশি খাদ্য, চিকিৎসা ও শিক্ষাসংক্রান্ত নানা সমস্যারও সৃষ্টি হয়।
The post টানা ৬ দিন বন্ধ সেন্ট মার্টিন-টেকনাফ নৌপথ, খাদ্য সংকটের শঙ্কা appeared first on ZoomBangla.







