ফুটবল বিশ্বকাপের চ্যাম্পিয়ন কে হবে—এই প্রশ্নের উত্তর এবারও বাস্তবের আগেই দিয়ে দিয়েছিল জনপ্রিয় ভিডিও গেম ইএ এফসি। ২০২৬ বিশ্বকাপ শুরুর আগেই ইএ স্পোর্টসের সিমুলেশনে স্পেনকে চ্যাম্পিয়ন হিসেবে দেখানো হয়েছিল, আর বাস্তবেও ঠিক তাই হয়েছে। ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জিতেছে লা রোহা।
জুন মাসে প্রকাশিত ইএ এফসি-এর বিশ্বকাপ সিমুলেশনে লামিনে ইয়ামালদের হাতেই ট্রফি উঠেছিল। বিশ্বকাপ শেষ হওয়ার পর ইএ স্পোর্টস
সামাজিক মাধ্যমে লিখেছে:
'আমরাই আগেই ভবিষ্যদ্বাণী করেছিলাম। আপনারা খেলেছেন, আর স্পেন সেটিকে বাস্তবে রূপ দিয়েছে। টানা পাঁচবার সঠিক ভবিষ্যদ্বাণী। দ্বিতীয় তারকার জন্য অভিনন্দন, স্পেন!'
এটি ছিল বিশ্বকাপ চ্যাম্পিয়ন নিয়ে ইএ স্পোর্টস -এর টানা পঞ্চম সফল ভবিষ্যদ্বাণী।
ইএ স্পোর্টস -এর সঠিক বিশ্বকাপ ভবিষ্যদ্বাণী
• ২০১০: স্পেন
• ২০১৪: জার্মানি
• ২০১৮: ফ্রান্স
• ২০২২: আর্জেন্টিনা
• ২০২৬: স্পেন
উল্লেখ্য, ২০১০ সাল থেকেই বিশ্বকাপ চ্যাম্পিয়ন পূর্বাভাসে ইএ স্পোর্টস -এর এই ধারাবাহিক সাফল্য শুরু হয়। যদিও আগের সংস্করণগুলোতে গেমটি ফিফার লাইসেন্সে প্রকাশিত হতো, পরে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় সেটির নাম পরিবর্তন করে ইএ এফসি রাখা হয়।
২০২৬ বিশ্বকাপের ফাইনালে নির্ধারিত সময়ে গোলশূন্য থাকার পর অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জিতে নেয় স্পেন। সেই সঙ্গে ইএ এফসি-এর ভবিষ্যদ্বাণীও আবারও বাস্তবে পরিণত হয়।
আরআর/এসকেডি/এএসএম







