‘নিয়মিত দেশীয় ফল খেলে সব ধরনের পুষ্টি মেলে’ এ প্রতিপাদ্যে টাঙ্গাইল সদরের বাতিঘর আদর্শ পাঠাগারের আয়োজনে উৎসবমুখর পরিবেশে দেশীয় ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে দেশীয় ফলের পরিচিতি ও পুষ্টিগুণ সম্পর্কে শিশুশিক্ষার্থী ও পাঠাগারের পাঠকদের সচেতন করতে এ উৎসবের আয়োজন করা হয়। বাতিঘর আদর্শ পাঠাগারের সভাপতি শাহজাহানের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন পুষ্টিবিদ আব্দুল হাকিম, কান্দাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হালিমুজ্জামান, পাঠাগারের উপদেষ্টা কোরবান আলী, সদস্য হুমায়ুন কবির, রেজোওয়ানা শরীফ ও আতাউর রহমান মিন্টু। পাঠাগারের প্রতিষ্ঠাতা কামরুজ্জামান জানান, বই পাঠের পাশাপাশি শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ এবং দেশীয় সংস্কৃতির সঙ্গে পরিচিত করে তুলতে বিভিন্ন শিক্ষামূলক ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করা হয়। এরই ধারাবাহিকতায় আয়োজন করা হয় ফল উৎসবের। বক্তারা বলেন, বৈচিত্র্যময় বাংলাদেশের মৌসুমি ফলের সঙ্গে বিশ্বের কোনো দেশের ফলেরই তুলনা হয় না। প্রতিটি ঋতুর ফল আলাদা আলাদা স্বাদ ও পুষ্টিগুণসমৃদ্ধ।







