টঙ্গীর সাতাইশ এলাকায় জমিসংক্রান্ত ঘটনা ও রাজনৈতিক বিরোধের জেরে সংখ্যালঘুর বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় ৪ জন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। প্রধান অভিযুক্ত টঙ্গী পশ্চিম থানা তাঁতীদলের সাধারণ সম্পাদককে বহিষ্কার করেছে দল। মঙ্গলবার বিকালে টঙ্গী পশ্চিম থানা পুলিশ এ তথ্য জানায়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন টঙ্গী দাঁড়াইল এলাকার মৃত কুদরত আলীর ছেলে মনোয়ার হোসেন খোকন, খোকনের ছেলে আশরাফুল ইসলাম অন্তর ও জনৈক আমিনুল ইসলামের ছেলে হুসেন বাদশা।

পুলিশ জানায়, জমিজমা ও স্থানীয় রাজনৈতিক প্রভাব বিস্তারকে কেন্দ্র করে সোমবার রাতে নীল মোহন মন্ডলের বাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মনোয়ার হোসেন খোকনসহ তিনজনকে গ্রেফতার করে। খোকন টঙ্গী পশ্চিম থানা তাঁতীদলের সাধারণ সম্পাদক। দুপক্ষের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। এছাড়া আসন্ন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে স্থানীয় কাউন্সিলর প্রার্থীদের মধ্যে রাজনৈতিক বিরোধ চলে আসছে। এর জেরে ২০-২৫ জনের গ্রুপ ওই বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। একপর্যায়ে নীল মন্ডলকে বাসা থেকে বাইরে এনে মারধর করে। তার স্ত্রী বৃষ্টি মন্ডল, ছেলে বিজয় মন্ডল ও ভাতিজি চায়নাকেও মারধর করা হয়। টঙ্গী পশ্চিম থানার ওসি আরিফুর রহমান বলেন, বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।