সুনামগঞ্জে টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নদীর পানি বাড়ছে। এ কারণে পর্যটন স্পট টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী হাউসবোট ও নৌযান চলাচলে সতর্কতা জারি করেছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (০৯ জুলাই) দুপুরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৭ দফার একটি নির্দেশনা দেওয়া হয়।

যেখানে উল্লেখ করা হয়েছে, প্রতিকূল আবহাওয়ায় যাত্রা নিষিদ্ধ : ভারী বৃষ্টিপাত, দমকা হাওয়া বা নদীতে ঝুঁকিপূর্ণ পরিস্থিতি থাকলে কোনো অবস্থাতেই পর্যটক নিয়ে নৌযান চালানো যাবে না। পাশাপাশি প্রতিটি হাউসবোটে ধারণক্ষমতা অনুযায়ী পর্যাপ্ত ও মানসম্মত লাইফ জ্যাকেট, লাইফবয় রিং এবং জরুরি উদ্ধার সরঞ্জাম রাখতে হবে। এমনকি কোনো নৌযানেই অতিরিক্ত যাত্রী বা পর্যটক বহন করা সম্পূর্ণ পরিহার করতে হবে। একই সঙ্গে আবহাওয়ার পূর্বাভাস, পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এবং স্থানীয় প্রশাসনের দেওয়া সতর্কবার্তা নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে। হাওরের পর্যটন এলাকায় যাত্রা শুরুর আগেই পর্যটকদের নিরাপত্তার নিয়মাবলি এবং জরুরি পরিস্থিতিতে করণীয় সম্পর্কে স্পষ্টভাবে বুঝিয়ে বলতে হবে। জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব নির্দেশনা যথাযথভাবে মেনে চলতে হবে।

টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী হাউসবোট চলাচলে সতর্কতা জারি

পরিশেষে পরিস্থিতির আরও অবনতি ঘটলে স্থানীয় প্রশাসনের নির্দেশ অনুযায়ী হাউসবোট বা নৌযান চলাচল অবিলম্বে সাময়িকভাবে বন্ধ রাখতে হবে।

এ বিষয়ে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খান বলেন, ‘যেহেতু জেলার নদ নদীর পানি বাড়ছে, তাই এ নির্দেশনা গুলো মেনে চলতে হবে। যারা নির্দেশনা অমান্য করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লিপসন আহমেদ/কেজে/জেআইএম