ব্রাজিল মানেই আবেগ, শিল্প আর ফুটবলের সৌন্দর্য। প্রতিবারের মতো এবারও অসংখ্য সমর্থকের মতো বাংলাদেশের বিনোদন জগতের তারকারাও বিশ্বাস করেছিল, সাম্বার তালে তালে এগিয়ে যাবে প্রিয় দল। কিন্তু ফুটবল সব সময় গল্পের মতো শেষ হয় না। গতকাল নকআউট পর্বে আমেরিকার নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হাইভোল্টেজ ম্যাচে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিশ্বজুড়ে অসংখ্য ভক্তকে কাঁদিয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন এই দলটি। শুধু ব্রাজিলের বিদায় নয়, বিশ্ব ফুটবলের অন্যতম তারকা খেলোয়াড় নেইমারও গতকাল আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। একসঙ্গে প্রিয় দল ও প্রিয় তারকার বিদায়ে স্বভাবতই দারুণ শোকে আচ্ছন্ন ভক্তরা। প্রিয় দলের বিদায়ে অনেকে ভেঙে পড়লেও কেউ কেউ নিজেকে সান্ত্বনা দিয়েছেন এভাবে, ‘হার এসেছে, বিশ্বকাপ যাত্রা থেমে গেছে। তবু ব্রাজিলের প্রতি ভালোবাসা একটুও কমবে না। কারণ আমরা শুধু ট্রফির জন্য ব্রাজিলকে সমর্থন করি না, করি তাদের খেলার সৌন্দর্য, ইতিহাস আর সেই অদম্য স্পিরিটের জন্য।’

বাংলাদেশে ব্রাজিল সমর্থনকারী তারকাদের মধ্যে রয়েছেন অভিনেতা আবুল হায়াত, মিশা সওদাগর, ওমর সানী, মাহফুজ আহমেদ, জিয়াউল ফারুক অপূর্ব, আফরান নিশো, কায়েক আরজু, অভিনেত্রী শাবনাজ, রোজিনা, মৌসুমী, জয়া আহসান, জান্নাতুল ফেরদৌস হিমি, শবনব বুবলী, অপু বিশ্বাস, বিদ্যা সিনহা মিম, নাজিফা তুষি, সংগীতশিল্পী আসিফ আকবর, আঁখি আলমগীর, পড়শীসহ আরও অনেকে। ব্রাজিলের বিদায়ে তাদেরও হয়েছে মন খারাপ। মন খারাপের রাতে বিষন্নতায় আচ্ছন্ন ছিলেন কিছু সময়।

মিশা সওদাগর ব্রাজিলের সমর্থক হলেও অন্ধ ভক্ত নন। খেলার আগে সর্বশেষ ব্রাজিল জয়ের পর তিনি লিখেছিলেন, ‘হ্যালো গাইজ, গুড নাইট স্লিপ টাইড, অভিনন্দন ব্রাজিল।’ ব্রাজিলের বিদায়ের পর তার কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি।

দিনকয়েক আগে অভিনেতা ওমর সানী সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থান স্পষ্ট করে লিখেছেন, ‘আমি ব্রাজিল সমর্থক। বিশ্বকাপ মানেই ব্রাজিল।’ কিন্তু ব্রাজিলের বিদায়ের পর তিনি কোনো প্রতিক্রিয়া দেখাননি।

ব্রাজিলের দারুণ ভক্ত চিত্রনায়িকা অপু বিশ্বাস। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের প্রতি নিজের ভালোবাসার কথা জানানোর পাশাপাশি অন্যদের দিয়েছিলেন খোঁচাও। তিনি বলেছিলেন, ‘যারা ফুটবল বোঝে, তারা ব্রাজিলকে সমর্থন করে। ব্রাজিলিয়ান খেলোয়াড়দের খেলায় আলাদা এক ছন্দ রয়েছে।’ খেলা শেষে দল নিয়ে কোনো কথা না বললেও নেইমারের বিদায়ে তিনি লিখেছেন, একটি যুগের সমাপ্তি। ধন্যবাদ, নেইমার জুনিয়র ব্রাজিলের জার্সিতে অসংখ্য স্মরণীয় মুহূর্ত উপহার দেওয়ার জন্য। ব্রাজিলের জন্য ভালোবাসা।’

অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বও নিজের প্রিয় দলের প্রতি সমর্থন জানিয়ে একটি ছবি পোস্ট করেন, যার ক্যাপশনে ছিল, ‘ব্রাজিল’। গতকাল ব্রাজিলের বিদায়ের পর এ তারকারও নেই কোনো প্রতিক্রিয়া।

চিত্রনায়িকা শবনম বুবলীও ব্রাজিলের সমর্থক। তিনি খুব একটি মাতামাতি করেননি খেলা নিয়ে। খেলার আগে তিনি লিখেছেন, ‘জিতলেও ব্রাজিল, হারলেও ব্রাজিল। আহা ! সেই ছোট্টবেলার ইমোশন (রোনালদো, কাকা, রবিনহো, রোনালদিনহো)’। খেলার পরে সেলেসাওদের প্রতি অটুট সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি লেখেন, ‘ফলাফল যাই হোক না কেন, আমার সমর্থন থাকবে সেলেসাওদের পক্ষেই।’ অবশ্য দিন কয়েক আগে তিনি মেসির প্রতি ভালোবাসা দেখিয়ে তার একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘এই ছেলেটা এতো ভালো খেলে কেন! (দল যার যার মেসি কিন্তু সবার)’

আমেরিকা মেটলাইফ স্টেডিয়ামে বসে ব্রাজিলের বিদায় স্বচক্ষে দেখেছেন দলটির ভক্ত অভিনেত্রী সাফা কবির। হতাশা প্রকাশ করলেও প্রিয় দলের পরাজয়ের মাঝেও আগামী বিশ্বকাপে ব্রাজিলের ঘুরে দাঁড়ানোর আশা এবং ভবিষ্যতে বাংলাদেশ দলকে এই মঞ্চে দেখার স্বপ্নের কথা ব্যক্ত করেছেন তিনি। ব্রাজিলের জার্সির ওপর বাংলাদেশের জাতীয় পতাকা কাঁধে জড়িয়ে বিষণ্ন মনে তিনি বলেন, ‘এই মুহূর্তে মন ভালো নেই, দুঃখজনক। তবে আগামী বিশ্বকাপে ইনশাআল্লাহ, আগামী বিশ্বকাপে আমরা আসব।’ তবে খেলা শুরুর আগে আরও একটি পোস্ট করেন তিনি। সেখানে লিখেছেন ‘আজ আমি ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২৬-এ ব্রাজিলকে সমর্থন করতে এসেছি। কিন্তু আমার হৃদয়ের গভীরে আরেকটা স্বপ্ন আছে একদিন বাংলাদেশও এই মঞ্চে খেলবে, আর আমি এখানে দাঁড়িয়ে গর্বের সঙ্গে আমার নিজের দেশকে সমর্থন করব।’

সাফা কবিরের মতোই মেহজাবীন চৌধুরীও স্টেডিয়ামে উপস্থিত থেকে ম্যাচটি উপভোগ করেছেন। যদিও তিনি আর্জেন্টিনা সাপোর্টার।

ব্রাজিল দলের এমন বিদায়ে চরম হতাশা প্রকাশ করলেও প্রিয় দলের প্রতি নিজের আজীবন সমর্থনের কথা ব্যক্ত করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। ব্রাজিলের জার্সি পরা একটি ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, ‘দলের প্রতিটি ভালো ও খারাপ সময়ে আমি পাশে আছি। ব্রাজিল এমন একটি দল, যা আমি চিরকাল আমার হৃদয়ে বহন করব। আজ, আগামীকাল এবং সর্বদা, আমি আমার দলের সঙ্গেই থাকব।’ পোস্ট করা ছবিতে দেখা গেছে, একহাত দিয়ে চোখ ঢেকে কান্না লুকানোর একটি ভঙ্গি। এমনকি নিজের পোস্টের কমেন্টবক্সেও একাধিক কান্নার ইমোজি দিয়ে নিজের মন খারাপের বিষয়টি ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন এ ছোটপর্দার অভিনেত্রী।

গতকাল খেলা শুরুর আগে অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি ম্যাচটি নিয়ে একেবারেই দুশ্চিন্তাহীন ও ফুরফুরে মেজাজে ছিলেন। ফেসবুক পেজে ব্রাজিলের জার্সি পরা একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন,‘ ব্রাজিল বনাম নরওয়েন্টিনার ম্যাচ আজকে রাত ২ টায়! ম্যাচের টেনশন? সেটা তো নরওয়ে করবে। আমি তো চিল করছি!’ কিন্তু খেলা শেষের পর তিনি আরও কোনো প্রতিক্রিয়া দেখাননি।

অবশ্য খেলা শুরুর আগে থেকেই সংশয় ও দ্বিধায় ছিলেন ব্রাজিলের আরেক ভক্ত সংগীতশিল্পী পড়শী। তিনি লিখেছিলেন ‘জিতবো আজ?’ কিন্তু খেলা শেষে নিজেকে সান্ত্বনা দিয়ে লিখেছেন ‘সবসময় ব্রাজিল। অসংখ্য আনন্দের মুহূর্ত উপহার দেওয়ার জন্য ধন্যবাদ, ব্রাজিল। রোনালদো ও মেসির জন্য শুভকামনা। ফুটবল আমাদের আরেকটা সুন্দর অধ্যায় উপহার দিক।’

তবে প্রিয় দলের বিদায়ে সবচেয়ে বেশি আবেগ প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ। অবশ্য ব্রাজিলের বিদায়ে তিনি কিছু না লিখলেও নেইমারের একটি অশ্রুসিক্ত ছবি পোস্ট করে লেখেন, ‘একটা যুগের সমাপ্তি, কিন্তু কিংবদন্তির গল্প কখনোই শেষ হয় না। বিদায়, নেইমার জুনিয়র!’

চিত্রনায়ক শরিফুল রাজও নিজের সোশ্যাল হ্যান্ডেলে ব্রাজিলের জার্সি পরে ও পতাকা উড়িয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন। কিন্তু নরওয়ের বিপক্ষে হারের ফলে সেই উচ্ছ্বাস পরিণত হয় বিষাদে।

অবশ্য আন্তর্জাতিক ফুটবল থেকে নেইমারের অবসরের ঘোষণায় আর্জেন্টিনা দলের সমর্থক অনেক তারকা সাধারণ দর্শকদের মতোই অকস্মাৎ সোশ্যাল মিডিয়ায় নানা আবেগঘন বার্তা শেয়ার করেছেন।