ভারতীয় বাংলা টিভি ধারাবাহিকের জনপ্রিয় তারকা দম্পতি রণজয় বিষ্ণু ও শ্যামৌপ্তি মুদলি। বিয়ের ৬ মাস পূর্ণ হওয়ার আগেই তাদের বিচ্ছেদের গুঞ্জন উড়ছে। বিষয়টি নিয়ে সরগরম টলিপাড়া। এরই মধ্যে ‘প্রতিজ্ঞা’ ধারাবাহিকের সহ-অভিনেত্রীর সঙ্গে রণজয়ের ঘনিষ্ঠতা অর্থাৎ পরকীয়ার খবরও সামনে এসেছে। কেবল তাই নয়, অর্থনৈতিক লেনদেনও বিচ্ছেদের পেছনে প্রভাবক হিসেবে কাজ করছে বলে একটি সূত্র দাবি করেছে।

ভারতীয় একটি গণমাধ্যমে সূত্রটি বলেন, “বিয়ের পর তাদের মধ্যে বেশ কিছু আর্থিক লেনদেন নগদে হয়েছিল। অভিযোগ, সেই লেনদেনের কোনো লিখিত নথি বা প্রমাণ শ্যামৌপ্তির কাছে নেই। পাশাপাশি সম্পত্তি নিয়েও মতবিরোধ তৈরি হয়েছিল। শ্যামৌপ্তির নিজের নামে একটি ফ্ল্যাট রয়েছে, যেখানে বর্তমানে তার বাবা-মা থাকেন। তবে একটি গাড়ি তিনি রণজয়ের নামে কিনেছিলেন। এখন সেই গাড়ির মালিকানা ফের নিজের নামে আনার চেষ্টা করছেন শ্যামৌপ্তি।”  

বিয়ের আসরে উচ্ছ্বসিত রণজয় ও শ্যামৌপ্তি

রণজয় বিষ্ণুর বিরুদ্ধে ওঠা অভিযোগ ও বিবাহবিচ্ছেদ নিয়ে ওপার বাংলায় জোর চর্চা চললেও মুখে কুলুপ এঁটেছিলেন এই অভিনেতা। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তিনি। কিছু বিষয় পরিষ্কার করার পাশাপাশি ক্ষোভ উগড়েছেন এই অভিনেতা।  

এক ভিডিও বার্তায় রণজয় বিষ্ণু বলেন, “দয়া করে আমাকে বাঁচতে দিন। আমি খুব সাধারণ জীবনযাপন করি। আমরা নিজেদের ইচ্ছায় বিয়ে করেছিলাম, কেউ জোর করেনি। আমাদের যদি কোনো সমস্যা হয় সেটা আমরা নিজেরাই মিটিয়ে নেব। যদি কোনো সিদ্ধান্ত নিই, তাহলে আমরা দুজনেই সকলকে জানাব। কিন্তু দয়া করে এইভাবে আমার ব্যক্তিগত জীবন নিয়ে কাটাছেঁড়া করবেন না।” 

শ্যামৌপ্তি মুদলি

মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন রণজয় বিষ্ণু। তা স্মরণ করে এই অভিনেতা বলেন, “আমি মানসিকভাবে ভীষণ বিপর্যস্ত, তাই এই বিষয় নিয়ে কোনো কথা বলতে চাইনি। আমি চুপ ছিলাম বলে তা নিয়েও অনেকে অনেক কথা বলেছে। কিন্তু সকলকে মাথায় রাখতে হবে যে, একজন মহিলাকে নিয়ে কিছু বলার আগে চিন্তা করা উচিত। আমার প্রাক্তনদের নিয়েও কথা বলা হয়েছে। আমার যদি একাধিক প্রেম থাকে তাতে কি কোনো অন্যায় আছে? আমি তো মানুষ খুন করিনি।”  

ব্যক্তিগত জীবনে কি হচ্ছে তা বলার দায় নেই তার। বাড়িতে বয়স্ক মানুষরা এসব কথা শুনে আরো বেশি কষ্ট পাচ্ছেন। সব থেকে বড় কথা, মহিলা সহকর্মীদের সঙ্গে দাঁড়িয়ে কথা বলতেও ভয় পাচ্ছেন রণজয়। একটি প্রেমের ধারাবাহিকে অভিনয় করতে গেলে, যতটুকু দরকার ততটুকুই করছেন তিনি। কিন্তু তা নিয়েও যেভাবে গুজব ছড়ানো হচ্ছে, তাতে মানসিকভাবে ভীষণ আহত হয়েছেন বলেও জানান রণজয়। 

শ্যামৌপ্তি মুদলি

অন্য কারো সঙ্গে পরকীয়া সম্পর্ক নেই বলে পরিষ্কারভাবে জানিয়েছেন রণজয়। তার ভাষায়—“দয়া করে আমাকে বাঁচতে দিন। আমাকে একটু নিঃশ্বাস নিতে দিন। এই যে কথা আপনারা রটাচ্ছেন, দয়া করে আর বলবেন না। আমার যদি সত্যি কারো সঙ্গে প্রেম থাকত, তাহলে লুকিয়ে রাখতাম, রোজ রোজ ছবি পোস্ট করতাম না। আমি যা করি সিরিয়ালের প্রচারের জন্যই করি, এর পেছনে আলাদা কোনো উদ্দেশ্য নেই।” 

দাম্পত্য জীবনে ভালো সময় পার করছেন না রণজয়-শ্যামৌপ্তি। কিন্তু কারো ব্যক্তিগত জীবনে নাক না গলানোর আহ্বান জানিয়ে এই অভিনেতা বলেন, “আমরা একসঙ্গে অনেক ভালো সময় কাটিয়েছি, আমাদের মধ্যে যাই হচ্ছে সেটা আমাদের বুঝে নিতে দিন। আপনারা আমাদের একা ছেড়ে দিন, আমাদের সম্পর্ক ভাঙলে সেটা আমাদের সিদ্ধান্ত। আপনারা কেউ নন, এটা নিয়ে কথা বলার।” 

বলে রাখা ভালো, চলতি বছরের বিশ্ব ভালোবাসা দিবসে রাজকীয় আয়োজনে বিয়ে করেন রণজয়-শ্যামৌপ্তি। দুই পরিবারের সদস্য ছাড়াও টলিউডের একঝাঁক তারকা বিয়েতে উপস্থিত ছিলেন। 

গায়েহলুদে শ্যামৌপ্তির বাঁধভাঙা উল্লাস

 ২০১৫ সালে ‘চোখের বালি’ ধারাবাহিকের মাধ্যমে ছোটপর্দায় অভিষেক ঘটে শ্যামৌপ্তির। তারপর ‘পটল খেলার গানওয়ালা’, ‘করুণাময়ী রানী রাসমণি’, ‘ধ্রুবতারা’, ‘ঘুড্ডি’সহ অনেক ধারাবাহিকে অভিনয় করেছেন। ‘ঘুড্ডি’ ধারাবাহিকে একসঙ্গে অভিনয় করেছেন রণজয়-শ্যামৌপ্তি। বড়পর্দায়ও পা রেখেছেন এই অভিনেত্রী।