সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন সময়ে আলোচনার জন্ম দেওয়া অভিনেত্রী মারিয়া মীম ও তণ্ময় সোহেলের নতুন রসায়ন নিয়ে আসছে বিশেষ নাটক ‘রিল রঙ্গিলা’। আগামীকাল ৭ আগস্ট (শুক্রবার) বিকেল ৩টায় ‘জাগো বাংলা ড্রামা’ ইউটিউব চ্যানেলে নাটকটি প্রচার হবে।
‘রিল রঙ্গিলা’ নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন রিফাত খান অনিক। গল্প লিখেছেন নাফিজ রেজা ও টিটো রহমান। একজন বি-গ্রেড সিনেমার নায়িকার গ্ল্যামার জগত ছেড়ে সাধারণ জীবনে ফিরে আসার ব্যাকুল তাড়না এবং তার নানাবিধ সামাজিক ও মানসিক চ্যালেঞ্জকে কেন্দ্র করে গড়ে উঠেছে নাটকটির মূল গল্প। নাটকে তণ্ময় সোহেল ও মারিয়া মীম ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শিরিন আলম, রিয়াদ আহসান রনিসহ আরও অনেকে।
নাটকটির ভাবধারা নিয়ে ক্রিয়েটিভ প্রোডিউসার নাফিজ রেজা বলেন, ‘অভিনেত্রীদের জীবন বা তাদের চিন্তাধারা সম্পর্কে সাধারণ মানুষ বাইরে থেকে যা ধারণা করে, বাস্তবে তা কতটা আলাদা হতে পারে সে বিষয়ে আমাদের স্পষ্ট ধারণা থাকে না। ক্যামেরার আলো ও চাকচিক্য থেকে সরে যাওয়ার পর তারাও যে আমাদের মতোই সাধারণ মানুষ গল্পে এই বাস্তবতাটিই ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে।’
আরও পড়ুন
জায়েদ খানের সঙ্গে নেচে চমকে দিলেন আহমেদ শরীফ
নাটকটির সার্বিক তত্ত্বাবধান প্রসঙ্গে জাগো এন্টারটেইনমেন্ট ও ‘জাগো এফএম’র হেড অফ অপারেশান্স উদয় চৌধুরী বলেন, “দর্শকদের রুচিশীল ও ভিন্নধর্মী বিনোদন উপহার দেওয়াই আমাদের মূল লক্ষ্য। ‘রিল রঙ্গিলা’ জীবনের টানাপোড়েন ও বিনোদনের এক চমৎকার মিশ্রণ। আশা করছি সাপ্তাহিক ছুটির বিকেলে নাটকটি দর্শকদের মন ছুঁয়ে যাবে।”
আরও পড়ুন
সেঞ্চুরির অপেক্ষায় ‘হাঁড়ি ফাটিবে’
প্রযোজনা প্রতিষ্ঠান জানায়, কাল শুক্রবার বিকেল ৩ টা থেকেই দর্শকরা জাগো বাংলা ড্রামা ইউটিউব চ্যানেলে উপভোগ করতে পারবেন নাটক ‘রিল রঙ্গিলা’।
এমআই/এমএমএফ








