দেশের জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। এতে তিনি কারও নাম উল্লেখ না করলেও অনেকেই মনে করছেন, সেটি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানকে ঘিরেই দেওয়া।

বৃহস্পতিবার (৬ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আসিফ আকবর লেখেন, ‘দেশের গ্রেট প্লেয়ার হিসেবে তার প্রতি সিমপ্যাথি ছিল। আসলে সে খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট। বিলম্বিত বোধোদয়ের জন্য আমি লজ্জ্বিত, দুঃখিত, ক্ষমাপ্রার্থী।’

সংক্ষিপ্ত এই স্ট্যাটাস প্রকাশের পরপরই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। মন্তব্যের ঘরে অনেকে ধারণা করেন, সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনলাইন সংবাদ সম্মেলনে সাকিব আল হাসানের অংশগ্রহণের ঘটনাকেই ইঙ্গিত করেছেন আসিফ। যদিও স্ট্যাটাসে তিনি কোথাও সাকিবের নাম উল্লেখ করেননি।

আসিফ আকবর অতীতেও বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের মতামত প্রকাশ করেছেন। এবারও তার এই বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই এটিকে তার ব্যক্তিগত অবস্থানের প্রকাশ হিসেবে দেখছেন, আবার কেউ কেউ বিষয়টি নিয়ে ভিন্নমতও প্রকাশ করছেন।

এদিকে সাকিব আল হাসানকে ঘিরে সম্প্রতি আরও একটি ঘটনা আলোচনায় আসে। বুধবার (৫ আগস্ট) রাত ৯টার দিকে মাগুরা শহরের কেশব মোড় এলাকায় অবস্থিত তার পৈতৃক বাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ, ককটেল সদৃশ বস্তু ছোড়া এবং অগ্নিসংযোগের চেষ্টা চালায় দুর্বৃত্তরা।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, হামলাকারীরা বাড়ির প্রধান ফটকে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে। এতে গেটের ওপরের অংশে পোড়ার দাগ পড়ে। পাশাপাশি ইট-পাটকেল নিক্ষেপে বাড়ির কয়েকটি জানালার কাচ ভেঙে যায়। তবে আগুন দ্রুত নিভে যাওয়ায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে অগ্নিসংযোগের চেষ্টার আলামত পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একাধিক মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা ঘটনাটি ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়।

আরও পড়ুন

জায়েদ খানের সঙ্গে নেচে চমকে দিলেন আহমেদ শরীফ

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) খন্দকার খাইরুল হাসান জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে।

আরও পড়ুন

সেঞ্চুরির অপেক্ষায় ‘হাঁড়ি ফাটিবে’

তবে আসিফ আকবরের স্ট্যাটাস কিংবা সাম্প্রতিক ঘটনাগুলো নিয়ে সাকিব আল হাসানের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


এমএমএফ