বাগেরহাটে ২৫০ শয্যা জেলা হাসপাতালে নতুন নিয়োগপ্রাপ্তরা যোগদান করবে না, এমন আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করে কাজে যোগ দিয়েছেন আউটসোর্সিং কর্মচারীরা। বৃহস্পতিবার (০২ জুলাই) দুপুরে প্রশাসনিক ভবনের সামনে আন্দোলনরতদের এ আশ্বাস দেন ২৫০ শয্যা জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দার। এসময় হাসপাতালের অন্যান্য চিকিৎসকরাও উপস্থিত ছিলেন।
আন্দোলনকারীরা বলেন, নতুন নিয়োগপ্রাপ্তরা যোগদান করবে না হাসপাতাল কর্তৃপক্ষের এমন আশ্বাসে আমরা আন্দোলন প্রত্যাহার করেছি। প্রশাসনিক ভবনের তালা খুলে দিয়েছি। হাসপাতালে নতুনদের যোগদান করলে আবারও আন্দোলন করা হবে। তবে, পুরাতন আউটসোর্সিং কর্মীদের আবারও চাকরিতে বহালের আদেশ না দেওয়া পর্যন্ত হাসপাতালের প্রধান সহকারী মোহিতুর রহমানের কক্ষ তালা দেওয়া থাকবে বলে জানান আন্দোলনকারীরা।
হাসপাতাল কর্তৃপক্ষ জানান, জটিলতা এড়াতে নতুনদের যোগদান আপাতত বিরত রাখা হয়েছে। আর আন্দোলনকারীদের কাজে ফেরার নির্দেশনা দেওয়া হয়েছে। ঊর্ধ্বতনদের নির্দেশনা অনুযায়ী দ্রুত এসব জটিলতা নিরসন করা হবে বলে আশ্বাস দেন হাসপাতাল কর্তৃপক্ষ।

বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দার বলেন, ‘নতুন নিযুক্তদের কাজে যোগদান আপাতত বিরত রাখা হয়েছে। আর আন্দোলনরতদের কাজে ফেরার নির্দেশনা দিয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সার্বিক বিষয়ে লিখিত ও মৌখিকভাবে অবহিত করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আন্দোলনরত কর্মীরা দুই বছর যাবত হাসপাতালে সেবা দিচ্ছে। তাদের বিষয়ে যাতে ইতিবাচক সিদ্ধান্ত আসে সেজন্য তিনি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলবেন বলে জানান।’
এর আগে, বুধবার (১ জুলাই) সকাল ৮ টায় চাকরি বহালের দাবিতে প্রশাসনিক ভবনে তালা দিয়ে অবস্থান কর্মসূচি পালন করছিলেন ২৫০ শয্যা জেলা হাসপাতালের আউটসোর্সিং কর্মচারীরা।
নাহিদ ফরাজী/কেজে/জেআইএম








