সড়ক পরিবহন আইন লঙ্ঘনকারী মোটরযান চালকদের বিরুদ্ধে ড্রাইভিং লাইসেন্সের দোষসূচক (ডিমেরিট) পয়েন্ট কাটছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

বিআরটিএর ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গত জুন মাসে ৭৫টি ড্রাইভিং লাইসেন্সের বিপরীতে মোট ৭৮ পয়েন্ট কর্তন করা হয়। বৃহস্পতিবার (২ জুলাই) সংস্থাটির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানানো হয়।

সংস্থাটি জানায়, নিরাপদ সড়ক নিশ্চিত করতে আইন লঙ্ঘনকারী চালকদের বিরুদ্ধে ডিমেরিট পয়েন্ট কর্তনের ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং সবাইকে সড়ক পরিবহন আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুন

আইন ভাঙলেই বিপদ, প্রতিদিন লাইসেন্সের পয়েন্ট হারাচ্ছেন গড়ে ১১ চালক

এর আগে গত ২৬ জুন বিআরটিএ এক জরুরি বিজ্ঞপ্তিতে জানায়, সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী প্রতিটি মোটরযান চালকের ড্রাইভিং লাইসেন্সে সর্বোচ্চ ১২টি পয়েন্ট বরাদ্দ থাকে। আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের ক্ষেত্রে অর্থদণ্ড বা কারাদণ্ডের পাশাপাশি চালকের লাইসেন্স থেকে দোষসূচক (ডিমেরিট) পয়েন্টও কর্তনের বিধান রয়েছে।

বিআরটিএ জানায়, এ বিধান বাস্তবায়নে ‘রোড সেফটি পেনাল্টি সিস্টেম’ (আরএসপিএস) অ্যাপের মাধ্যমে অপরাধী চালকদের ড্রাইভিং লাইসেন্সের পয়েন্ট কর্তন করা হচ্ছে। সংস্থাটি মোটরযান চালকদের বিদ্যমান আইন ও বিধিমালা যথাযথভাবে অনুসরণ করে যানবাহন চালানোর আহ্বান জানিয়েছে।

টিটি/একিউএফ