বিশ্বখ্যাত পপ তারকা টেইলর সুইফট ও এনএফএল তারকা ট্র্যাভিস কেলসির বিয়ের আয়োজন ঘিরে নিরাপত্তা ও প্রশাসনিক ব্যবস্থাপনায় বিপুল অর্থ ব্যয় হয়েছে। নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষ জানিয়েছে, বিশেষ নিরাপত্তা, যান চলাচল নিয়ন্ত্রণ এবং বিভিন্ন নগরসেবা নিশ্চিত করতে ১ লাখ ৬০ হাজার ডলারের বেশি, অর্থাৎ প্রায় ১ কোটি ৮৫ লাখ টাকা ব্যয় করা হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি জানান, বিয়ের কয়েক দিন আগে অনুষ্ঠানের জন্য বিশেষ ইভেন্ট পারমিট অনুমোদন দেওয়া হয়েছিল। তাঁর ভাষ্য অনুযায়ী, আয়োজকদের পরিশোধ করা অর্থ অতিরিক্ত নিরাপত্তা ও প্রশাসনিক সেবার ব্যয় নির্বাহে ব্যবহার করা হয়েছে।

গত ৩ জুলাই নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে অনুষ্ঠিত বিয়ের মূল আয়োজনে প্রায় এক হাজার অতিথি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন অভিনেতা ও কৌতুকশিল্পী অ্যাডাম স্যান্ডলার। অতিথিদের মধ্যে ছিলেন অভিনেতা হিউ গ্র্যান্ট, ইথান হক, জেসন সুডেইকিস, সংগীতশিল্পী বেনসন বুন এবং এনএফএল তারকা ক্রিস জোনস ও কুপার কাপসহ বিনোদন ও ক্রীড়াজগতের অনেক পরিচিত মুখ।

অনুষ্ঠান উপলক্ষে নিউইয়র্ক পুলিশ বিভাগ (এনওয়াইপিডি) বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। পুলিশ কমিশনার জেসিকা টিশ জানান, নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ একটি দল মোতায়েন করা হয়েছিল। এ সময় ম্যাডিসন স্কয়ার গার্ডেনের আশপাশের কয়েকটি সড়ক সাময়িকভাবে বন্ধ রাখা হয়। পাশাপাশি ময়নিহান ট্রেন হল ও পেন স্টেশনের কয়েকটি প্রবেশপথেও নিয়ন্ত্রণ আরোপ করা হয়।

বিয়ের আনুষ্ঠানিকতার পাশাপাশি মানবিক উদ্যোগের জন্যও প্রশংসিত হয়েছেন এই তারকা দম্পতি। তাদের প্রতিনিধির তথ্য অনুযায়ী, বিয়ের আগে বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানে মোট ২৬ মিলিয়ন ডলার, অর্থাৎ প্রায় ৩০০ কোটি টাকা অনুদান দিয়েছেন টেইলর সুইফট ও ট্র্যাভিস কেলসি। এই অনুদানের একটি বড় অংশ পেয়েছে নিউইয়র্কভিত্তিক অ্যানসার দ্য কল সংস্থা, যা কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্য ও দমকলকর্মীদের পরিবারের আর্থিক সহায়তায় কাজ করে। এছাড়া আরও কয়েকটি জনকল্যাণমূলক প্রতিষ্ঠানও এই অনুদানের আওতায় এসেছে।

The post টেইলর সুইফট-ট্র্যাভিস কেলসির বিয়েতে নিরাপত্তা ব্যয় প্রায় ১ কোটি ৮৫ লাখ টাকা appeared first on ZoomBangla.