রাজধানীতে টানা ভারী বৃষ্টির কারণে তেজগাঁও রেললাইনের কয়েকটি স্থানে পানি জমেছে। তবে এতে ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি। পরিস্থিতি বিবেচনায় যাত্রী নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চালকদের সতর্কতার সঙ্গে এবং প্রয়োজন হলে ধীর গতিতে ট্রেন চালানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগ।
খোঁজ নিয়ে জানা গেছে, রোববার সকাল থেকেই রাজধানীতে ভারী বৃষ্টির কারণে তেজগাঁও রেলস্টেশনের তিনটি লাইন পানিতে তলিয়ে গেছে। এর ফলে তেজগাঁও স্টেশন দিয়ে ট্রেন চলাচলে বেশ সময় লাগছে।
রেলওয়ে সূত্র জানিয়েছে, তেজগাঁও এলাকায় উভয় দিক থেকেই ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করতে হচ্ছে। এ কারণে ঢাকা স্টেশন থেকে একটি ট্রেন ছাড়তে যেখানে সাধারণত ১০ থেকে ১৫ মিনিট সময় লাগে, সেখানে গতকাল শনিবার ২০ থেকে ২৫ মিনিট পর্যন্ত সময় লেগেছে। তবে এটি সতর্কতামূলক ব্যবস্থা এবং নিরাপদ ট্রেন চলাচল নিশ্চিত করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ঢাকা রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) এ বি এম কামরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, রাজধানীর কোথাও রেললাইন পানির নিচে তলিয়ে যায়নি। কোথাও কোথাও অল্প পানি জমলেও ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। তেজগাঁও এলাকায় দুই-একটি স্থানে পানি উঠেছে। তবে ট্রেন চলাচল বন্ধ করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
এ বি এম কামরুজ্জামান বলেন, ভারী বৃষ্টির কারণে চালকদের রেললাইন দেখে-শুনে ট্রেন চালাতে বলা হয়েছে। কোথাও ঝুঁকির আশঙ্কা দেখা দিলে নির্ধারিত গতির পরিবর্তে ধীর গতিতে ট্রেন চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজন হলে ট্রেন থামিয়ে রেললাইন পরীক্ষা করেও পরে চলাচল করতে বলা হয়েছে।
রেললাইনে পানি ওঠার কারণে ট্রেন চলাচল কিছুটা বিলম্ব হচ্ছে বলে জানিয়েছে রেলের কর্মকর্তারা, তাঁদের ভাষ্য, স্বাভাবিক সময়ে যেখানে ট্রেন ঘণ্টায় ৫০ থেকে ৭০ কিলোমিটার গতিতে চলে, সেখানে বর্তমান পরিস্থিতিতে অনেক ক্ষেত্রে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিতে চালানো হচ্ছে। ফলে কিছু ট্রেনের চলাচলে স্বাভাবিকভাবেই কিছুটা বিলম্ব হচ্ছে।








