টানা বৃষ্টিতে কক্সবাজারের টেকনাফ সীমান্ত এলাকার পানিবন্দি ২০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী সহায়তা দিয়েছে ৬৪ বিজিবি।
রোববার (১২ জুলাই) বিকেলে উখিয়া ৬৪ বিজিবির উদ্যোগে টেকনাফ সীমান্তের হোয়াইক্যং বিওপির কোনাপাড়া গ্রামে ২০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম। সীমান্তে পানিবন্দিদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেন রামু সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।
এ সময় তিনি বলেন, সীমান্তে অর্পিত দায়িত্বের পাশাপাশি বিজিবি বিভিন্ন ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। সীমান্তের জনগণ বিজিবির উপর আস্থা রাখছে এবং তারাও বিভিন্ন কাজে বিজিবিকে সহায়তা করছে। বিজিবির এ ধরনের উদ্যোগ স্থানীয় জনগণের মাঝে প্রশংসিত হচ্ছে। ভবিষ্যতেও উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন- উখিয়া ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম, উপ-অধিনায়ক মেজর ইশতিয়াক আহমেদ, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মো. মাসুদ রানা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাধারণ মানুষ।
জাহাঙ্গীর আলম/এএইচ








