মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে নাফ নদী সাঁতরে বাংলাদেশে অনুপ্রবেশের সময় কক্সবাজার টেকনাফ সীমান্তে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর তিন সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

তারা হলেন, রাখাইনের মংডু শহর পুলিশ স্টেশনের সেকেন্ড লেফটেন্যান্ট হেইন ডে হেট, পুলিশ সদস্য হেইন জাও এবং বুচিডংয়ের ৩ নম্বর বিজিপি ইউনিটের সদস্য কিয়াও নাইং। তারা দীর্ঘদিন ধরে রাখাইন রাজ্যে আরাকান আর্মির নিয়ন্ত্রিত এলাকায় বন্দী ছিলেন।

সোমবার (২০ জুলাই) দিনের বেলায় তাদের আটকের পরে রাতে তিনজনকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজিবি সূত্র জানায়, সোমবার দুপুর ১২টার দিকে নাফ নদী সাঁতরে টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া এলাকা সীমান্তে ওই তিন ব্যক্তি পৌঁছালে বিজিবির সদস্যরা তাদের আটক করে। আটক তিনজনের একজন বিজিপি সদস্য এবং অপর দুজন মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর সদস্য।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘সোমবার আটক তিন মিয়ানমার নাগরিকের বিরুদ্ধে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে মামলা করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে তাদের কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে।’

জাহাঙ্গীর আলম/কেজে/এএসএম