পঞ্চগড়ের তেঁতুলিয়ার মাঝিপাড়া সীমান্তে নারী ও শিশুসহ ১৩ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজিবির বাধার মুখে আবার ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় তাদের।

শনিবার (১১ জুলাই) সকালে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের মাঝিপাড়া সীমান্তের মেইন পিলার ৪৩৪ এর ৫ নম্বর সাব পিলার এলাকা দিয়ে তাদের পুশ-ইনের চেষ্টা করা হয়।

আরও পড়ুন

পঞ্চগড় সীমান্তে অনুপ্রবেশের অভিযোগে বাংলাদেশি নাগরিক আটক

বিজিবি সূত্র জানায়, মাঝিপাড়া সীমান্তের বিপরীতে ভারতের নয়াবাড়ি বিএসএফ ক্যাম্পের সদস্যরা শনিবার ভোরে শিশুসহ ১৩ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। এসময় বিজিবির টহলদল পুশ-ইনের চেষ্টা প্রতিহত করে। বিজিবির কঠোর অবস্থানের মুখে তাদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায় বিএসএফ।

আরও পড়ুন

রাতের আধাঁরে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে সরিয়ে নিলো বিএসএফ

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বলেন, পুশ-ইনের চেষ্টার শিকার ব্যক্তিরা ভারতের অভ্যন্তরে ছিল। দায়িত্বরত বিজিবি সদস্যদের তৎপরতায় তারা দেশে প্রবেশ করতে পারেনি। বর্তমানে সীমান্তের শূন্যরেখায় কোনো ব্যক্তির অবস্থান বা চলাচল নেই। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং পুরো এলাকায় বিজিবির নজরদারি জোরদার করা হয়েছে।

সফিকুল আলম/এসজেডএইচ/এএসএম