তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজ শাহিন খসরুর বিরুদ্ধে এক লাখ ৮০ হাজার টাকা ঘুস নেওয়ার অভিযোগ এনে ফেসবুকে লাইভ করা রেহেনা বেগম উর্মির বিরুদ্ধে অবশেষে সাইবার আইনে মামলা করা হয়েছে। বুধবার উপজেলা প্রশাসনের চুক্তিভিত্তিক কর্মচারী মনোয়ার হোসেন বাদী হয়ে এ মামলাটি করেন। মামলায় উর্মিসহ অজ্ঞাতনামা ৫-৬ জনকে আসামি করা হয়েছে। এদিকে পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম ইমাম রাজী টুলু জানান, দুপক্ষের বক্তব্য যাচাই-বাছাই করে প্রাথমিকভাবে অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি। তবে উর্মি বেগম দাবি করেছিলেন, গ্রামপুলিশে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে তার কাছ থেকে এক লাখ ৮০ হাজার টাকা নেওয়া হয়েছিল। এদিকে ইউএনও আফরোজ শাহিন খসরু অভিযোগ অস্বীকার করে পুরো ঘটনাটি ষড়যন্ত্রমূলক বলে দাবি করেন। তিনি জানান, সংশ্লিষ্ট নিয়োগ আগেই বাতিল হয়েছিল। আর অভিযোগকারী রেহেনা বেগম উর্মির ছেলের নামে কোনো আবেদনই করা হয়নি। এর আগে ইউএনও আফরোজ শাহিন খসরুর বিরুদ্ধে ঘুস নেওয়ার অভিযোগ এনে ফেসবুকে লাইভ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে উপজেলাসহ পঞ্চগড়ের ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।