ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা থেকে নিখোঁজ হওয়া চার স্কুলছাত্রীকে সিলেটের একটি বাস কাউন্টার থেকে উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার বিকেল ৩টার দিকে তাদের উদ্ধার করা হয়। জানা গেছে, ছাত্রীরা সিলেটের গোয়াইনঘাট যাওয়ার জন্য সেখানে অপেক্ষা করছিল।

ঠাকুরগাঁওয়ের সহকারী পুলিশ সুপার স্নেহাশীষ কুমার দাস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল মঙ্গলবার রাত থেকেই পুলিশ নিখোঁজ ছাত্রীদের সন্ধানে দিন-রাত এক করে কাজ করেছে।

পুলিশের অনুসন্ধানে জানা গেছে, নিখোঁজ হওয়ার পর ছাত্রীরা প্রথমে ঢাকায় গিয়েছিল। পরে সেখান থেকে সিলেটে যায়।

পুলিশের প্রাথমিক ধারণা, ছাত্রীরা একটি বড় পাচারকারী চক্রের খপ্পরে পড়েছিল। চক্রটি তাদের প্রলোভন দেখিয়ে সিলেটের সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাঠানোর চেষ্টা করছিল।

উদ্ধার হওয়া ছাত্রীরা বালিয়াডাঙ্গীর একটি স্কুলের অষ্টম ও দশম শ্রেণিতে অধ্যয়নরত।

গতকাল সকালে চারজন একসঙ্গে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। এদিকে পরিবারের সদস্যরা তাদের কোনো সন্ধান না পেয়ে ওই রাতেই বালিয়াডাঙ্গী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে। এরপরই পুলিশ চার কিশোরীকে উদ্ধারে তৎপর হয়।

সহকারী পুলিশ সুপার স্নেহাশীষ কুমার দাস বলেন, স্কুলছাত্রীদের সিলেট থেকে ঠাকুরগাঁওয়ে নিয়ে আসার ব্যবস্থা করা হচ্ছে।