থানচিতে সাঙ্গু নদীতে নৌকাডুবিতে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। শুক্রবার বিকালে উপজেলার রাজাপাথর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ পর্যটকের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। জানা যায়, আলীকদম থেকে ১৩ সদস্যের পর্যটক দল মোটরসাইকেলে করে ডিম পাহাড় হয়ে তিন্দু যায়। পরে সেখান থেকে লাংলোক ঝরনা ভ্রমণের উদ্দেশ্যে নৌকায় রওনা দেয়। পথে রাজাপাথর এলাকায় সাঙ্গু নদীর প্রবল স্রোতে পর্যটকবাহী নৌকাটি ডুবে যায়। দুর্ঘটনার সময় নৌকায় থাকা অন্যরা স্থানীয়দের সহায়তায় তীরে উঠতে সক্ষম হলেও নিখোঁজ হন ওই পর্যটক। ইউএনও মোহাম্মদ আব্দুল্লাহ আল ফয়সাল বলেন, ওই পর্যটককে উদ্ধারে অভিযান চলছে।