বান্দরবানের থানচি উপজেলার তিন্দু বড় পাথর (রাজাপাথর) এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি নৌকা ডুবে এক পর্যটক নিখোঁজ হয়েছেন।

শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রাত সাড়ে ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেন থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আব্দুল্লাহ-আল-ফয়সাল।

নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম (২৮) ময়মনসিংহের মাসকান্দা এলাকার বাসিন্দা বলে জানা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে আলীকদম-থানচি সড়কের ২৩ কিলোমিটার এলাকা দিয়ে নেমে ১৩ জন পর্যটক তিন্দু বাজারে পৌঁছান। পরে স্থানীয় গাইড গর্জেন ত্রিপুরা তাদের গ্রহণ করেন। বিকেলে তিন্দু ঘাট থেকে দুটি নৌকায় করে তারা রেমাক্রির উদ্দেশে যাত্রা করেন। একটি নৌকায় ছয়জন এবং অন্যটিতে সাতজন পর্যটক ছিলেন।

রেমাক্রির পথে তিন্দু বড় পাথর (রাজাপাথর) এলাকায় পৌঁছালে সাঙ্গু নদীর তীব্র স্রোতে ছয়জন আরোহী থাকা একটি নৌকা ডুবে যায়। এসময় পাঁচজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও একজন পর্যটক নিখোঁজ হন। তাকে উদ্ধারে স্থানীয় ও সংশ্লিষ্টরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

থানচি পর্যটক গাইড সমিতির সভাপতি জে ওয়াই প্রু মারমা বলেন, পর্যটকরা আলীকদম-থানচি সড়ক দিয়ে তিন্দুতে এসে গাইডের সঙ্গে যোগাযোগ করেন। তবে তারা থানচি উপজেলা প্রশাসনের নির্ধারিত নিবন্ধন ও আনুষ্ঠানিকতা সম্পন্ন না করেই রেমাক্রির উদ্দেশে রওনা হন। ফলে নিখোঁজ পর্যটকের নাম-পরিচয়সহ তাদের কোনো তথ্য প্রশাসনের কাছে নেই।

থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আব্দুল্লাহ-আল-ফয়সাল বলেন, বিকেল ৫টার দিকে বড় পাথর এলাকায় পর্যটকবাহী একটি নৌকা প্রবল স্রোতে ডুবে যায়। এতে একজন পর্যটক নিখোঁজ হয়েছেন। তাকে উদ্ধারের চেষ্টা চলছে। পর্যটকরা থানচিতে এসে প্রশাসনিক নিবন্ধন ও প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন না করায় নিখোঁজ ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।


নয়ন চক্রবর্তী/এফএ