২০২৬ বিশ্বকাপে এবার লড়াই কোয়ার্টার ফাইনালের। ৪৮ দলের মধ্যে আটটি দল টিকে রয়েছে। উত্তেজনার পারদ চড়ছে। এর মধ্যে বড় চমক টিকিটের দাম নিয়ে। বিশ্বকাপ শুরুর আগে টিকিটের আকাশছোঁয়া দাম ছিল। কিন্তু শেষ আটের হাইভোল্টেজ ম্যাচের আগে তাতে দেখা গেল পতন। প্রায় ৬০ শতাংশ কমে গেছে টিকিটের দাম। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ায় কি এই পতন? সেকেন্ডারি টিকিট মার্কেটপ্লেস ‘TickPick’-এর তথ্য অনুযায়ী, কোয়ার্টার ফাইনালে স্পেন ও বেলজিয়াম ম্যাচের সবচেয়ে কম দামের টিকিটও কয়েকদিন আগে পাওয়া যাচ্ছিল প্রায় ২৯৫০ মার্কিন ডলারে। সেটি এখন নেমে এসেছে প্রায় ১২০০ ডলারে। অর্থাৎ, প্রায় ৬০ শতাংশ কমেছে এই ম্যাচের টিকিটের দাম।
শেষ ষোলোর ম্যাচে বেলজিয়ামের কাছে ১-৪ গোলে হেরে বিদায় নিয়েছে অন্যতম আয়োজক দেশ যুক্তরাষ্ট্র। তারা কোয়ার্টার ফাইনালে উঠলে স্থানীয় সমর্থকদের আগ্রহ অনেক বেশি থাকত। অন্য দিকে স্পেনের কাছে ০-১ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় পর্তুগাল। ওই ম্যাচের পর বিশ্বকাপ ক্যারিয়ারে ইতি টানেন রোনাল্ডো। পর্তুগিজ তারকার বিদায়ে টিকিটের চাহিদায় বড় প্রভাব পড়েছে।
অর্থাৎ, যে ম্যাচে মুখোমুখি হচ্ছে স্পেন ও বেলজিয়াম, ম্যাচের ফল উলটো হলে সেখানে যুক্তরাষ্ট্র ও পর্তুগালের খেলার কথা ছিল। সেই আশায় টিকিট কেটেছিলেন স্থানীয় ফুটবলপ্রেমীরা। কিন্তু তা না হওয়ায় এখন টিকিটের চাহিদা ও দাম কমে গেছে।








