দেশের বাইরে লম্বা সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালনসংক্রান্ত কাজের জন্য প্রথমে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সফরে যাবেন। নিউইয়র্ক সফর শেষে সরাসরি ফিলিপাইন ও মালদ্বীপে যাওয়ার কথা রয়েছে। সব মিলিয়ে ২০ দিনেরও বেশি সময়ের সফরে দেশের বাইরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, আজ নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ১০ থেকে ২৯ জুলাই বিদেশ সফরে থাকবেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি প্রথমেই যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক যাবেন। সেখানে তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালনের প্রস্তুতি নেবেন। আগামী ৮ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু হবে। অধিবেশন প্রস্তুতি এবং আগামী সেপ্টেম্বরের কর্মপরিকল্পনা নিয়ে জাতিসংঘের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করবেন খলিলুর রহমান।
নিউইয়র্ক সফর শেষে ফিলিপাইনের ম্যানিলায় অনুষ্ঠেয় ৫৯তম আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের (এএমএম) বৈঠকের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন পররাষ্ট্রমন্ত্রী। মিয়ানমার ছাড়াও আসিয়ানের পররাষ্ট্রমন্ত্রীরা উপস্থিত থাকবেন এই অনুষ্ঠানে। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভারত, জাপান ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রমন্ত্রীরাও এতে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। এই সময়ের মধ্যে, ম্যানিলায় মিয়ানমারের সঙ্গে পাঁচ-দফা ঐকমত্য, সংলাপ অংশীদারদের সঙ্গে এএমএম-পোস্ট মিনিস্ট্রিয়াল কনফারেন্স, আসিয়ান প্লাস থ্রি (চীন, জাপান এবং দক্ষিণ কোরিয়া), উচ্চপর্যায়ের আসিয়ান আঞ্চলিক ফোরাম (এআরএফ) এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় বন্ধুত্ব ও সহযোগিতা চুক্তির ৫০তম বার্ষিকীর স্মরণীয় কার্যক্রম বাস্তবায়নের বিষয়ে একটি অনানুষ্ঠানিক পরামর্শ আহ্বান করবে।
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আসিয়ান রিজিওনাল ফোরামের (এআরএফ) সাইডলাইনে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী সিনেটর পেনি ওংয়ের সঙ্গে বৈঠক করবেন বলেও মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। এরপর তিনি মালদ্বীপ যেতে পারেন।








