মেয়াদোত্তীর্ণ নবায়নযোগ্য ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ডিলারদের সঙ্গে অবিলম্বে চুক্তি সম্পাদনের মাধ্যমে পুনঃনবায়নের দাবিতে মঙ্গলবার বিভিন্ন স্থানে মানবববন্ধন হয়েছে। ‘টিসিবি ডিলার বাঁচাও আন্দোলন’-এর ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। যুগান্তর প্রতিনিধিরা জানান : কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে ‘টিসিবি ডিলার বাঁচাও আন্দোলন, জেলা কুড়িগ্রাম’-এর ব্যানারে মানববন্ধন করা হয়। এতে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা টিসিবি ডিলাররা অংশ নেন। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। ফুলবাড়ী উপজেলার টিসিবি ডিলার হারুন অর রশিদের পরিচালনায় বক্তব্য দেন কুড়িগ্রাম সদরের টিসিবি ডিলার রোকনুজ্জামান রোকন, মোহাম্মদ রোকন আলী, রিপন মিয়া, উলিপুর উপজেলার টিসিবি ডিলার আতাউর রহমান, চিলমারী উপজেলার ডিলার পলাশ। গাইবান্ধায় মানববন্ধন হয়েছে। বক্তব্য দেন মো. জছিজার রহমান সুজা, এম এ রশিদ, আখতারুজ্জামান, শাহ আলম সেলিমসহ অন্যরা। বক্তারা বলেন, সম্প্রতি টিসিবি কর্তৃক ২০২৬ সালের জুন মাসে যাদের জিলারশিপের মেয়াদ শেষ হয়েছে তাদের পুনঃনবায়ন না করার নির্দেশনা প্রদান করা হয়। কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে আমরা গভীরভাবে উদ্বিগ্ন ও মর্মাহত। জয়পুরহাটে মানববন্ধন করেছেন টিসিবি ডিলাররা। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন টিসিবি ডিলার মাসুদ রানা, আব্দুল মজিদ, সাজেদ আলী, মিজানুর রহমান প্রমুখ।








