তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে বিএনপি। কিন্তু, সেই কাজের কৃতিত্ব নিতে জামায়াতসহ ১১ দল আন্দোলন করছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
তিনি বলেন, “বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাস করে। তিস্তা ইস্যুতে স্ট্যান্টবাজির রাজনীতির দিন বাংলাদেশে শেষ হয়ে এসেছে।”
শুক্রবার (১০ জুলাই) দুপুরে পঞ্চগড় জেলা পরিষদের পরিকল্পনা ও তত্ত্বাবধানে পঞ্চগড়-নীলফামারী সীমান্তে নির্মাণাধীন ‘পঞ্চগড় গেট’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, “তিস্তা মহাপরিকল্পনা বিএনপি সরকারের নির্বাচনি ইশতেহার। সেই অঙ্গীকার বাস্তবায়নে সরকার কাজ করছে। ঠিক সেই সময় কৃতিত্ব নেওয়ার উদ্দেশে জামায়াতসহ ১১ দল আন্দোলনে নেমেছে।”
তিনি বলেন, “বিএনপি কথায় বিশ্বাস করে না, কাজে বিশ্বাস করে। আমরা তিস্তা নিয়ে কাজ শুরু করেছি। যারা আজ আন্দোলন করছে, বিএনপি যখন তিস্তা নিয়ে ভাবতে শুরু করেছে তখন তাদের কোনো অবস্থান ছিল না। তিস্তা নিয়ে তাদের কোনো স্বপ্ন, পরিকল্পনা ছিল না। এখন রাজনৈতিক ফায়দা লুটতে আন্দোলনের নামে স্ট্যান্টবাজি করছে। এ ধরনের রাজনীতি বাংলাদেশে আর চলবে না।”
ফরহাদ হোসেন আজাদ বলেন, “তিস্তা মহাপরিকল্পনার কাজ অচিরেই শুরু হবে এবং সরকার এটি বাস্তবায়নে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে।”
তিনি আরো বলেন, “পঞ্চগড়ের ইতিহাস, ঐতিহ্য ও স্বকীয়তাকে ধারণ করে এবং জেলার মানুষের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে পঞ্চগড়-নীলফামারী সীমান্তে ‘পঞ্চগড় গেট’ নির্মাণ করা হচ্ছে। এটি জেলার প্রবেশদ্বারে একটি নান্দনিক স্থাপনা হিসেবে পঞ্চগড়ের পরিচিতিকে আরো সমৃদ্ধ করবে।”
অনুষ্ঠানে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজীত সাহা, পঞ্চগড় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকারসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।








