কুমিল্লার তিতাস উপজেলায় বেকারির পণ্যবাহী ভ্যানের চাপায় মো. আলিফ হোসেন (৬) নামের এক শিশু নিহত হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার বলরামপুর ইউনিয়নের উলুকান্দি পূর্বপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলিফ একই গ্রামের মালয়েশিয়া প্রবাসী মো. দেলোয়ার হোসেনের ছোট ছেলে। সে উলুকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, স্কুল ছুটির পর আলিফ রাস্তার অপরপাশে একটি দোকানে থাকা তাঁর বাবার কাছে যাওয়ার জন্য রাস্তা পার হচ্ছিল। এ সময় মাছিমপুর বেকারির পণ্যবাহী একটি ভ্যান তাকে চাপা দেয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আলিফকে উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিরুল হক বলেন, এ বিষয়ে এখনো থানায় কেউ অভিযোগ করেননি। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।