রংপুরের গঙ্গাচড়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা-ছেলে নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বড়বিল ইউনিয়নের মন্থনা বাজার এলাকায় মমো জুট মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। রাজবাড়ীতে পিকআপ-মোটরবাইক সংঘর্ষে যুবক জোহানের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় বাইক আরোহী স্ত্রী সেতু গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়া দুর্ঘটনায় চার স্থানে আরও পাঁচজন প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে সিলেটে ব্যবসায়ী, ময়মনসিংহে বৃদ্ধসহ দুজন, গোপালগঞ্জে যুবক এবং বগুড়ায় কিশোর রয়েছে। ব্যুরো, স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবর-

গঙ্গাচড়া (রংপুর) : নিহতরা হলেন গঙ্গাচড়া ইউনিয়নে চেংমারী কুড়িয়ার মোড় এলাকার বাসিন্দা মোটরসাইকেলচালক প্রশান্ত চন্দ্র সরকার ও তার বাবা নির্মল চন্দ্র সরকার। দুর্ঘটনায় প্রশান্তের শিশুসন্তান বন্ধন গুরুতর আহত হয়েছে। গঙ্গাচড়া থেকে মোটরসাইকেলে শিশুসহ তিনজন বড়াইবাড়ির দিকে যাচ্ছিল। ট্রাকটি বড়াইবাড়ির দিক থেকে গঙ্গাচড়ার দিকে আসছিল। ওই স্থানে পৌঁছালে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান প্রশান্ত। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান প্রশান্তের বাবা। আর শিশুটি মুমূর্ষু অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন।

রাজবাড়ী : বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার চন্দনী কালীবাড়ী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জোহান ফরিদপুরের কোতোয়ালি থানার পুরোনো বাসস্ট্যান্ড এলাকার মোশারফ হোসেনের ছেলে। দুপুরে রাজবাড়ী থেকে কুষ্টিয়ামুখী পিকআপটি যাচ্ছিল। পথে কালুখালীর চাঁদপুর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে কালুখালী থেকে রাজবাড়ীমুখী আসা মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক জোহান নিহত হন।

গফরগাঁও (ময়মনসিংহ) : গফরগাঁও-পাগলা সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় ধান ব্যবসায়ী সোহেল মিয়ার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার পাগলাবাজার থেকে বাড়ি ফেরার পথে তিনি দুর্ঘটনার কবলে পড়েন। অপরদিকে বুধবার সন্ধ্যায় পাগলা থানার টাঙ্গাব ইউনিয়নের বারইহাটি বাজারে ট্রাক্টরের চাপায় বৃদ্ধ সুরত আলীর মৃত্যু হয়েছে। সুরত আলী ওই এলাকার বাসিন্দা।

বিয়ানীবাজার (সিলেট) : চারখাই এলাকায় বাস-অটোরিকশার সংঘর্ষে মুদি ব্যবসায়ী কালাই মিয়া নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে সিলেট-বিয়ানীবাজার সড়কের চারখাই এলাকার কাঠলিপুলসংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। কালাই মিয়া কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের ফালজুর গ্রামের বাসিন্দা।

কাশিয়ানী (গোপালগঞ্জ) : কাশিয়ানীতে বাসের ধাক্কায় যুবক আলাউদ্দিন খান নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার মাজড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আলাউদ্দিন উপজেলার সাজাইল ইউনিয়নের ভাট্রাইধোবা গ্রামের বীর মুক্তিযোদ্ধা শহিদ খানের ছেলে।

শেরপুর (বগুড়া) : পিকআপের ধাক্কায় মোটরসাইকেলচালক কিশোর আবু সুফিয়ানের মৃত্যু হয়েছে। বগুড়ার শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কের রণবীর বালা এলাকায় বুধবার রাতে এ দুর্ঘটনা ঘটে। সে উপজেলার মির্জাপুর ইউনিয়নের সরকারপাড়া গ্রামের শাহীন রানার ছেলে।