কুষ্টিয়ার কুমারখালীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আব্দুল্লাহ আল নোমান (৪০) নামের এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের চড়াইকোল রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আব্দুল্লাহ আল নোমান উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের মহেন্দ্রপুর গ্রামের মৃত আব্দুর রশীদের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, নোমান কুষ্টিয়া থেকে কুমারখালীর দিকে ফিরছিলেন। নন্দলালপুর ইউনিয়নের চড়াইকোল রেলগেট এলাকায় একটি ট্রাককে ওভারটেক করতে গিতে মোটরসাইকেল নিয়ে পড়ে যান। এতে তিনি ট্রাকের পিছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

কুমারখালী থানার পরিদর্শক (তদন্ত) আমিরুল ইসলাম বলেন, নোমান নামে একজনের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।